মেক্সিকোয় নাইট ক্লাবে অস্ত্রধারীদের গুলিবর্ষণে নিহত ১৫
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মেক্সিকোর সহিংস প্রদেশ গুয়ানাইয়াতোর একটি নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এতে অন্তত ১৫ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রদেশটির কৌঁসুলির কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।তথ্য রয়টার্স।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। গত শনিবার সূর্য ওঠার আগে তিনটি ভ্যানে করে অস্ত্রধারী একটি দল সালামানসা শহরে অবস্থিত লা প্লায়া মেন’স ক্লাবে প্রবেশ করে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবটিতে ঢুকেই তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।
সালামানসার তেল রিফাইনারি থেকে শহরটির ক্ষমতাধর তেল চোরের গ্যাংগুলো বিশাল পরিমাণ তেল চুরি করে নিয়ে গেছে। গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল ওব্রাদর স্থানীয় গ্যাং নেতা হোসে আন্তোনিও ইয়েপেজকে আটক করতে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
গুলিবর্ষণের পর নাইট ক্লাবটির পাশের রাস্তা থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, অনেকগুলো পুলিশের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো এবং এর পেছনেই এক নারী চিত্কার করে কাঁদছেন।
গুয়ানাইয়াতো প্রদেশের কৌঁসুলির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নাইট ক্লাবটিতে ১৩ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং বাকি দুজন হাসপাতালে নেয়ার পর মারা গেছে। কার্যালয় জানায়, তাদের প্রতিনিধিরা এ ঘটনার তদন্ত শুরু করেছেন।
(এসআর/ ১১ মার্চ ২০১৯ )



