ভারতের তিন বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই হুমকি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদ বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে রোববার এনডিটিভি অনলাইন জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার মুম্বাইয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে এক নারী ইমেইল পাঠান। এতে বলা হয়েছে, রোববার তিন বিমানবন্দর থেকে একযোগে বিমান ছিনতাইয়ের বিষয়ে একটি রেস্তোরাঁয় ছয় জন লোকের কথাবার্তা শুনতে পেয়েছেন তিনি। এরপরই মু্ম্বাই পুলিশ ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) সতর্ক করে দেয়। বিমানবন্দরে প্রবেশপথ ও পার্কিং এলাকায় নিরাপত্তা জোরদারসহ কাউন্টার টেররিজমের একাধিক দলও মোতায়েন করা হয়েছে।

বিমান সংস্থাগুলো শেষ মুহূর্তে চেক-ইন না করতে যাত্রীদের নির্দেশনা দিয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতা করতেও তাদের অনুরোধ জানানো হয়েছে।

২০১৫ সালের জানুয়ারিতে উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকির পর সিআইআইএসএফের কর্মপদ্ধতি পুনর্মূল্যায়ন করা হয়। ওই সময় কাবুলগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হতে পারে বলে জানতে পেরেছিল নিরাপত্তা বাহিনী।

 

(ইউএম/ ১৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)