পাকিস্তানীদের ভিসা প্রদান বন্ধের খবর প্রত্যাখ্যান পররাষ্ট্রমন্ত্রীর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ পাকিস্তানীদের জন্য ভিসা স্থগিত করেছে মর্মে গণমাধ্যমে যে খবর এসেছে- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ তা নাকচ করে দিয়েছেন। তবে তিনি ভিসা ইস্যুতে বিলম্ব হওয়ার কথা স্বীকার করেছেন এবং উদ্ভুত সমস্যা ইসলামাবাদ কর্তৃপক্ষের আরোপিত বলেও উল্লেখ করেন।

তিনি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন বলেন, ‘গণমাধ্যমে খবরটা এসেছে উল্টোভাবে। এই সংকট ইসলামাবাদের আরোপিত উল্লেখ করে তিনি আরো বলেন, সেখানে যে বাংলাদেশী কূটনীতিকদের পাঠানো হবে তাদের ভিসা প্রদানে তারা নিস্ক্রিয়। মন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তানীদের ভিসা দেয়া বন্ধ করিনি, কিন্তু কিছু কারণে তা বিলম্বিত হতে পারে, এটা বিশ্বব্যাপী সাধারণ ঘটনা।’

মোমেন বলেন, ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে জনশক্তির স্বল্পতা রয়েছে, যা ভিসা প্রদান প্রক্রিয়াকে প্রভাবিত করছে। এর কারণ হলো পাকিস্তান কর্তৃপক্ষ ইসলামাবাদে নবনিযুক্ত বাংলাদেশ ভিসা কাউন্সিলরের ভিসা প্রদান বিলম্বিত করছে। তিনি বলেন, তাছাড়া ইসলামাবাদ ভিসা ইস্যুর কাজে সাময়িকভাবে নিয়োজিত অফিসারের ভিসা নবায়ন করছে না।
মোমেন বলেন, ‘এই সমস্যায় তারা (ইসলামাবাদ) ফেলেছে আমাদেরকে। সেখানে আমাদের জনশক্তির সমস্যা না মিটলে আমরা কিভাবে ভিসা ইস্যু করবো।’

মন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সঙ্গে কোন প্রকার ঝামেলায় যেতে চায় না ঢাকা। ‘আমরা তাদের সঙ্গে আগেও যোগাযোগ করেছি এবং এখনো যোগাযোগ রাখছি আমাদের কূটনীতিকদের ভিসা ইস্যু সমস্যার সমাধানে।’ ঢাকায় নিয়োগকৃত পাকিস্তানী দূতের পরিচয়পত্র গ্রহণের বিষয়ে কোন অগ্রগতি হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে মোমেন বলেন, কিছু কারণে ইতোপূর্বে বাংলাদেশ ইসলামাবাদের প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘এটা একটা সম্পূর্ণ স্বাভাবিক বিষয় (কূটনৈতিক অঙ্গনে) তারা নতুন প্রস্তাব দিলে আমরা অবশ্যই তা বিবেচনা করবো।’
গত এক বছরেরও বেশি সময় ঢাকায় পাকিস্তানী হাইকমিশনে কোন দূত নেই।

সূত্র: বাসস

(এমআইআর/ ২২ মে ২০১৯)


Comment As:

Comment (0)