দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় ভারত-ইন্দোনেশিয়া

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০২৫ সাল নাগাদ নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত ও ইন্দোনেশিয়া।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা ও সমুদ্র নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উল্লিখিত খাতগুলোসহ আরো বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা গভীরতর করতে আগামী ছয় বছরে ৫ হাজার কোটি ডলার লেনদেনের উচ্চাবিলাসী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির কথা ঘোষণা দিয়েছে দুই দেশ। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ভারত ও ইন্দোনেশিয়ার দুই শীর্ষ নেতা জি২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে জাপানের ওসাকায় বৈঠক করেন। সম্মেলনের দ্বিতীয় দিন সকালে দুই নেতা সাক্ষাৎ করেন ও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক চাঙ্গা করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারত-ইন্দোনেশিয়া ২০২৫ সাল নাগাদ ৫ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান ভারতের বিদেশ-বিষয়ক মুখপাত্র রাভিশ কুমার।

২০১৬ সালে দুই দেশের মধ্যে ১ হাজার ২৯০ কোটি ডলারের বাণিজ্য হয়। ২০১৭ সালে দুই দেশের বৈদেশিক লেনদেন ২৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৩ কোটি ডলারে পৌঁছে। ২০১৭ সালে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার রফতানি ও আমদানি যথাক্রমে ১ হাজার ৪০৮ কোটি ডলার ও ৪০৫ কোটি ডলারে পৌঁছায় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা।

চলতি মাসের ২৮ তারিখে ওসাকায় শুরু হওয়া জি২০ শীর্ষ সম্মেলন গতকাল শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলনের দ্বিতীয় দিন আনুষ্ঠানিকভাবে যোগ দেন। জি২০ সম্মেলনে মোদির আনুষ্ঠানিক যোগদান সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় জানায়, একজন গুরুত্বপূর্ণ বন্ধুর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী জি২০ সম্মেলনের দ্বিতীয় দিন নিজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সম্মেলনের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট জোকো দুই দেশের সম্পর্ক জোরদার করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রাভিশ কুমার টুইট বার্তায় লেখেন, ভারত-ইন্দোনেশিয়ার সার্বিক কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে জি২০ সম্মেলনের এক ফাঁকে উভয় দেশের দুই শীর্ষ নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা, মহাশূন্য ও ইন্দো-প্যাসিফিক পরিকল্পনা নিয়ে দুই নেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জি২০ সম্মেলনের প্রথম দিন ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অনেক বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় মিলিত হন।

(এসএএম/ ৩০ জুন ২০১৯)


Comment As:

Comment (0)