অভিবাসী কর্মচারী নেবে না সৌদি আরবের দোকানগুলো
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এখন থেকে আর কোনো অভিবাসী কাজ করতে পারবে না সৌদি আরবের দোকানগুলোতে। দেশটির নাগরিকদের কর্মসস্থানের হার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটির শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়েছে, সৌদি আরবের শ্রম ও সামাজিক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের অভ্যন্তরের দোকানগুলোতে কেবল দেশের নাগরিকদেরই কর্মসংস্থান হবে। কিন্তু কীভাবে এটি বাস্তবায়ন করা হবে- সে ব্যাপারে বিশদ কিছু বলা হয়নি।
জাদওয়া ফার্মস নামের একটি প্রতিষ্ঠানের তথ্য সূত্রে জানা গেছে, সৌদি আরবের ৩৪ দশমিক ৫ শতাংশ নারী এবং প্রায় ৫ দশমিক ৭ শতাংশ পুরুষ বেকার।
স্থানীয়ভাবে রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সৌদি আরবের বেশ কিছু ক্ষেত্রের কাজে অভিবাসীরাই নিয়োজিত। তবে ওই দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এ নতুন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
যে প্রতিষ্ঠানগুলোকে সৌদি নাগরিকের চেয়ে অভিবাসীদের বেশি কর্মসংস্থান হয়- তাদের মাসিক ফি বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে নতুন নীতিমালা। এর পাশাপাশি আগামী জুলাই মাসে অভিবাসীদের উপর নির্ভরশীল এমন প্রতিষ্ঠানগুলোর উপর শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে বলেও জানা গেছে।
সৌদির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৯০ লাখ অভিবাসী সেখানে বিভিন্ন কর্মসংস্থানে নিযুক্ত ছিল।
তেল নির্ভর দেশটি গত বছর থেকে নিজেদের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। তেল বহির্ভুত খাত, ক্ষুদ্র ও মাঝারি খাতসহ বৃহত্তর বিনিয়োগ নির্ভর খাতগুলোর উন্নয়নের এই পরিকল্পনাকে ভিশন-২০৩০ বলে উল্লেখ করা হচ্ছে।
(এসএএম/ ২১ এপ্রিল ২০১৭)



