রোহিঙ্গা সংকট নিরসনে আবারও মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ, মধ্যস্থতায় চীন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রোহিঙ্গা সংকট নিরসনে আবারও মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। আর এ বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবে চীন। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনীতিকদের আরও জোরালো ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ব্রিফিং শেষে ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনীতিকদের আরও জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে চীন মধ্যস্থতা করতে চায়। তারা এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব এনজিও রোহিঙ্গাদের নানাভাবে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মিয়ানমার গণহত্যা চালালেও তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চালাচ্ছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আপনারাই যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করুন, কেন তারা মহড়া চালাচ্ছে।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার তাদের দায়িত্ব পালন করেনি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার গত ২২ আগস্ট এক প্রেস রিলিজ দেয়। সেখানে আমাদের ওপর দায় চাপিয়ে বলেছে, বাংলাদেশ প্রত্যাবাসন শুরু করতে ব্যর্থ হয়েছে। তারা আয়োজন সম্পূর্ণ করতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বললাম, বাংলাদেশের যা যা করার সবই করেছে। এটা মিয়ানমারের দায়িত্ব তাদের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফিরতে রাজি করানো। এটা বাংলাদেশের দায়িত্ব না। মিয়ানমার তাদের দায়িত্ব পালন করেনি বলে রোহিঙ্গারা যায়নি।
মন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব লজিস্টিক জোগাড় করা। তার সবই আমরা করেছি। তারা আমাদের ৩ হাজার ৪৫০ জনের একটা লিস্ট দিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সেটা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে দিয়েছি তাদের মতামত জানার জন্য। সেখানে মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল।
(এসএএম/ ২৯ আগস্ট ২০১৯)



