পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ডেনমার্কে রোডশো করবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে ডেনমার্কে একটি রোড শো আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
ডেনমার্ক দূতাবাস ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ রোডশোটি আগামী ২৫ সেপ্টেম্বর, বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোনো দেশের দূতাবাসের সঙ্গে যৌথভাবে আয়োজিত বাংলাদেশের প্রথম রোডশো এটি।
জানা গেছে, রোডশোতে বিভিন্ন খাতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি তালিকাভূক্ত ও অতালিকাভূক্ত কোম্পানি অংশ নেবে। এসবের মধ্যে রয়েছে-বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার, অটোমোবাইল খাতের ইফাদ অটোস, ঔষধ ও রসায়ণ খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট, প্রকৌশল খাতের ওয়ালটনসহ আরও কয়েকটি বড় কোম্পানি। রোডশোতে ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের বড় কয়েকটি ফান্ডের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকবেন।
আরও জানা গেছে, কোপেনহেগেনের এশিয়া হাউজে অনুষ্ঠেয় এই রোডশোতে স্বাগত বক্তব্য রাখবেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান। ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা মাসুদ খান বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতি এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা সম্পর্কে বক্তব্য রাখবেন। এছাড়া ব্যাংক ইনভেস্টের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার ব্রায়ান এন্ডারসন এবং আইএফইউ’র সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার আইবি আলবার্টসেন আলোচনায় অংশ নেবেন। রোড শো’তে অংশগ্রহণকারী বাংলাদেশী কোম্পানির শীর্ষ নির্বাহীরা এতে নিজ নিজ কোম্পানি সম্পর্কে প্রেজেন্টেশন দেবেন। এসময় তারা সভা-সেমিনার ছাড়াও, পুঁজিবাজারে বিনিয়োগ ও বিটুবি ভিত্তিতে নিজেদের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করবেন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ এম এ রহমান বলেন, পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ আনতে বরাবরের মতোই চেষ্ঠা অব্যাহত রেখে চলেছি আমরা। এখন দেশের পুঁজিবাজারে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ণ ডলারের বিদেশি বিনিয়োগ রয়েছে। দেশীয় টাকায় যা প্রায় ২৩ হাজার কোটি টাকার সমান। এই অংক আমাদের বাজারের বিশেষ কোনো খাতের তুলনায় কম নয়। তাই এখন এ ধরনের বিনিয়োগকে আরও প্রমোট করার সময় এসেছে। বিশেষ করে, আইপিওতে বিদেশিদের বিনিয়োগের পথ আরও প্রশস্ত করতে হবে। বিদেশিরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে। এক্ষেত্রে তাদের পছন্দ ভাল ভাল কোম্পানি। এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম নিউইয়র্কে গ্রামীণ ফোনকে নিয়ে রোডশো আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। এরপর ধারাবাহিকভাবে ব্র্যাক ব্যাংকসহ আরও কয়েকটি দেশীয় কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ আনতে বিভিন্ন দেশে রোডশো, সভা-সেমিনার করে প্রতিষ্ঠানটি। অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে ওইসব অনুষ্ঠান সম্পন্ন করার মাধ্যমে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত বেশ কয়েকটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করে প্রতিষ্ঠানটি। ফলশ্রুতিতে পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে একযুগেরও অধিক সময় ধরে একচ্ছত্র আধিপত্য পায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ।
(এসএএম/ ২২ সেপ্টেম্বর ২০১৯)



