পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের ‘নতুন সূচক’ চালুর উদ্যোগ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজারে চীনের বিনিয়োগ বাড়াতে পৃথক একটি সূচক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো নিয়ে এই সূচকটি তৈরি করা হবে। এই সূচকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোম্পানি বাছাই করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী।
ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ এই সূচক তৈরির কাজ করছে।
সংস্থাটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক লিউ ফুজং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই সূচকটি চালুর পরিকল্পনা রয়েছে তাঁদের।
চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জে অনুষ্ঠিত ‘চায়না-বাংলাদেশ পুঁজিবাজার সহায়তা’শীর্ষক সম্মেলনের উদ্বোধন শেষে গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিউ ফুজং এসব কথা বলেন।
তিনি বলেন, চীনে অনেক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী আছে। তারা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে তাদেরকে সহায়তা দিতেই নতুন এই সূচকটি চালুর পরিকল্পনা করা হয়েছে।
ডিএসই ও সেনজেন স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মওতা এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সহযোগী ছিল দেশীয় প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ও চীনের প্রতিষ্ঠান কিংডম টেকনোলজি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর পক্ষ থেকে চীনের ব্রোকারেজ হাউসসহ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। সম্মেলনে চীনের ৪০টি ব্রোকারেজ হাউসের প্রতিনিধি, ৫০ জন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদলকে সেনজেন স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জানানো হয়, ১৯৯০ সালে মাত্র পাঁচটি কোম্পানি নিয়ে যাত্রা শুরু করা সেনজেন স্টক এক্সচেঞ্জে বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ২ হাজার ১৭০ টি। আর সরকারি-বেসরকারি মিলিয়ে বন্ডের সংখ্যা ৫ হাজার ৫৩৯ টি। বাজার মূলধন ২ হাজার ৪০৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালের সেপ্টেম্বরে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ডিএসইর মালিকানায় যুক্ত হয় চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ।
উদ্বোধনী বক্তব্যে সেনজেন স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ওয়াং জিয়ানজুং বলেন, ‘বাংলাদেশের শেয়ারবাজারে এখন সবচেয়ে বেশি দরকার প্রযুক্তিগত উন্নয়ন ও পণ্য বৈচিত্র্যকরণ। সেনজেন স্টক এক্সচেঞ্জ উদ্ভাবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেহেতু আমরা এখন ডিএসইর মালিকানায় আছি, সেহেতু প্রযুক্তিগত উন্নয়নসহ নতুন নতুন পণ্য চালুর ক্ষেত্রে আমরা ডিএসইকে সব ধরনের সহযোগিতা দিতে চাই।’
সম্মেলনের উদ্বোধনী দিনে সেনজেন স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, নতুন উদ্যোগকে বাণিজ্যিকভাবে সফল করতে অর্থায়নও করে থাকে তারা। এ জন্য তাদের ভিনেক্সট নামের একটি প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন করতে এরই মধ্যে ডিএসইতে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। সম্মেলন উদ্বোধনের পর একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
(এমআইআর/এসএএম/ ১০ নভেম্বর ২০১৯)



