বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু বুধবার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের বৈঠক আগামী ৪ ও ৫ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। সোমবার (২ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সচিব পর্যায়ের ও ইন্টার গভার্নমেন্টাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ এবং ভারতের পক্ষে সে দেশের নৌপরিবহন সচিব গোপাল কৃষ্ণ নেতৃত্ব দেবেন। দু’দেশের নৌসচিব পর্যায়ের শেষ বৈঠক গত বছরের অক্টোবরে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে, নৌসচিব পর্যায়ের বৈঠকে রাজশাহী থেকে পাকশী পর্যন্ত ৭৪ কিলোমিটার নদী যৌথভাবে খননের প্রস্তাব দেবে বাংলাদেশ। আত্রাই নদীর ভারতের অংশে ৪২ কিলোমিটার নৌপথ খননের জন্যও ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে বাংলাদেশ।
এছাড়া ভারতীয় নদীতে পর্যাপ্ত মার্কিংয়ের ব্যবস্থা ও বাংলাদেশের জাহাজের ক্রুদের মাটিতে নামার অনুমতি দেয়া, ক্রু ও মেরিন অফিসারদের পোর্ট উল্লেখ না করে ভিসা দিতে ভারত সরকারকে অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার।
বৈঠকে ভারতের এজেন্ডাগুলোর মধ্যে গুরুত্ব পাবে নৌপথে তৃতীয় দেশে বাণিজ্যের পথ তৈরিতে কোস্টাল শিপিং ও নৌপ্রটোকল চুক্তি সংশোধন। এছাড়া স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যে ছয়টি এজেন্ডা রয়েছে, সেগুলো নৌপ্রটোকল চুক্তির বিভিন্ন স্থানে সংশোধন ও কয়েকটি বন্দরকে পোর্ট অব কলভুক্ত সংক্রান্ত।
ইন্টার গভর্নমেন্টাল কমিটির বৈঠকে ভারতীয় পণ্য মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে কী পরিমাণ ফি ও মাশুল দিতে হবে, তা নির্ধারণ হওয়ার কথা রয়েছে।
দু’দেশের মধ্যে ছয়টি করে ১২টি ‘পোর্টস অব কল’ (মধ্যবর্তী থামার স্থান) রয়েছে। সেগুলো হলো- বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও এবং ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ, পান্ডু, সিলঘাট ও ধুবরী।
এছাড়া দু’দেশের মধ্যে আটটি করে ১৬টি বাংকারিং পয়েন্ট (জাহাজে জ্বালানি নেয়ার স্থান) রয়েছে। সেগুলো হলো- বাংলাদেশের শেখবাড়িয়া, মোংলা, খুলনা, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চিলমারী এবং ভারতের কলকাতা, বজবজ, হলদিয়া, নামখানা, করিমগঞ্জ, ধুবরী, জগিগোপা ও পান্ডু। বাংলাদেশ-ভারতের মধ্যে চারটি (আপ-ডাউন হিসেবে ৮টি) নৌরুট রয়েছে।
( এসআর /০২ ডিসেম্বর ২০১৯)



