হ্যাকিংয়ের শিকার বার্সেলোনা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বব্যাপী হ্যাকিংয়ের মতো ঘটনা চরম আকার ধারণ করেছে। তথ্যপ্রযুক্তি যতোই বিকশিত হচ্ছে, ততই যেন তৎপর হচ্ছে অসৎ হ্যাকাররাও। যতো কড়া নিরাপত্তাই দেয়া হোক না কেন, সেসব ভেদ করে নামীদামী সব প্রতিষ্ঠান ও ব্যক্তির প্রোফাইল বা ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা ঘটছে অহরহ।

যার সবশেষ শিকার স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। শনিবার রাতে তাদের বিভিন্ন ভাষার টুইটার একাউন্ট হ্যাক করেছিল ‘আওয়ার মাইন’ নামক এক হ্যাকিং চক্র। তাও প্রথমবারের মতো নয়। ২০১৭ সালেও বার্সেলোনার টুইটার হ্যাক করেছিল আওয়ার মাইন।

সেবার বার্সেলোনার টুইটার হ্যাক করে তারা বার্তা দিয়েছিল, ‘পিএসজি থেকে কিনে আনা হবে আর্জেইন্টাইন ফরোয়ার্ড অ্যানজেল ডি মারিয়াকে।’ বলা বাহুল্য, সেটি ছিলো পুরোপুরি ভুল এক বার্তা।

এবারও একাউন্ট হ্যাক করে এক বিভ্রান্তিকর বার্তা দিয়েছে আওয়ার মাইন। তাও বর্তমান সময়ের হট টপিক নেইমারের বার্সেলোনায় ফেরার বিষয়ে তথ্য দিয়ে। তারা লিখেছে, ‘আমরা অনেক গোপন মেসেজ পড়েছি। সেসব দেখে বলতে পারি, নেইমার ফিরে আসছে ক্লাবে।’

এ তথ্য ঠিক কতটা সত্য, তা সময়ই বলে দেবে। তবে নেইমার বিষয়ক এ বার্তা দেয়ার আগে হ্যাক করার কথাও স্বীকার করে নিয়েছিল আওয়ার মাইন। সে বার্তায় তারা লিখেছিল, ‘হাই! আমরা আওয়ার মাইন। দ্বিতীয়বারের মতো এলাম আমরা। এবার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে ভালো ছিলো। তবে সেরা পর্যায়ে যায়নি এখনও।’

শনিবার রাতে গেতাফের বিপক্ষে ২-১ গোলে জেতার পরই বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বুঝতে পারে তাদের টুইটার একাউন্ট হ্যাক হয়েছে। একাউন্ট উদ্ধার করার পর এ কথা স্বীকারও করে নিয়েছে তারা। ভিন্ন দুই বার্তায় তারা সাইবার নিরাপত্তা আরও জোরদার করার কথা লিখেছে।

(এসআর /১৬ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)