অসুস্থ সাবেক অ্যাথলেট এ.কামালকে ১১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক জাতীয় অ্যাথলেট এ.কামাল। তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী প্রদান করেছেন ১১ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে এ.কামালকে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ১ লাখ টাকার চেক এ.কামালের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।
সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে থাকেন। তাদের বিপদ-আপদে সহযোগিতা করেন। তার সার্বিক পৃষ্ঠপোষকতায় আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে।’
অসুস্থ এ.কামাল প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এসআর/ ১০ মার্চ, ২০২০)



