ভিন্ন ভিন্ন ম্যাচে রিয়াল-বার্সার জয়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মৌসুমের শেষ ধাপে এসে স্প্যানিশ লা লিগায় সমান তালে এগিয়ে চলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে জিদানের দলের ওপর চাপ অব্যাহত রাখলো এনরিকের শিষ্যরা।

ক্যাম্প ন্যুতে খেলার ২১ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন নেইমার। তবে ৩২ মিনিটে সেড্রিক বাকাম্বুর গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।
৪৫ মিনিটে ব্যবধান ২-১ করেন লিওনেল মেসি। এ গোলের মাধ্যমে একমাত্র খেলোয়াড় হিসেবে মৌসুমে ৫০ গোলের ল্যান্ডমার্কে পৌঁছান মেসি।

৬৯ মিনিটে সুয়ারেজ ও ৮২ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে ব্লগ্রানারা। অন্যম্যাচে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

চারটি গোলই হয় প্রথমার্ধে। জোড়া গোল করেন হামেস রদ্রিগেজ ও আলভারো মোরাতা। এ জয়ে এক ম্যাচে কম খেলে বার্সার সমান ৮৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে লস-ব্লাঙ্কোসরা।

(এমআইআর/ ০৭ মে ২০১৭)


Comment As:

Comment (0)