ধর্ষণের বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান সাকিব আল হাসানের

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশে ধর্ষণ যেন ছোঁয়াচে রোগের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। সময় যত বাড়ছে বাংলাদেশে ক্রমান্বয়ে ধর্ষণের পরিমাণ বেড়েই চলছে। সবশেষ কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেগুলো দাগ কেটেছে জনসাধারণের মনে। ঘটনাগুলো মনে দাগ কেটে গেছে সাকিব আল হাসানেরও। যে কারণে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা দিয়ে ধর্ষণের বিপক্ষে অবস্থান নিয়েছেন সাবেক এই বিশ্ব সেরা অররাউন্ডার।

ফেসবুকে সাকিব লিখেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’

টাইগারদের এই স্পিনার সবাইকে এক সাথে ধর্ষণের বিরুদ্ধে লড়ে যাওয়ার যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দেয়া দুই বছরের (এক বছরের স্থগিতাদেশ) নিষেধাজ্ঞার কারণে গেল বছরের ২৯ অক্টোবর থেকে সকল প্রকার ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের মাঝে বনিবনা না হওয়ায় স্থগিত করা হয় সিরিজটি। যে কারণে পরিবারকে সময় দিতে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি।

(এসআর / ৬ অক্টোবর ২০২০)


Comment As:

Comment (0)