জেলা পর্যায়ে পরপর দুই বছর ফুটবল লিগ আয়োজন না করলে কাউন্সিলরশিপ বাতিল
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জেলা পর্যায়ে পরপর দুই বছর লিগ আয়োজন না করলে কাউন্সিলরশিপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টানা ৪র্থ বার নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
জেলার ফুটবল মরে গেছে-ফুটবল নিয়ে আলোচনা হলেই শুরুতে আসে কথাটি। কোনো জেলায় ফুটবল লিগ হয়, কোনো জেলায় হয় না। কোনো কোনো জেলা এক সপ্তাহে লিগ শেষ করে এমন অভিযোগও আছে। তৃণমূল পর্যায়ের এ লিগ যাতে নিয়মিত হয় তার জন্য বাফুফে সভাপতি হিসেবে আমি নিজেই সে দায়িত্ব নিলাম।
রোববার বিকেলে বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাফুফে সভাপতি নিজে। এর আগে তার হাতে ছিল ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব।
সভা শেষে কাজী মো. সালাউদ্দিন মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, ‘আমি জেলা ফুটবলের দায়িত্ব নিলাম। আমি শুনি জেলায় লিগ হয় না অনেক দিন। নিজেই ওটা দেখবো, যাতে ওই গ্যাপটা পূরণ করতে কারো ওপর ভরসা করতে না হয়।’
চতুর্থবারের মতো সভাপতি হওয়ার পরদিনই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে কঠোর হুঁসিয়ারি দিয়েছেন বাফুফে সভাপতি। বলেছেন পরপর দুই বছর লিগ আয়োজন না করলে কাউন্সিলরশিপ থাকবে না।
রোববার জেলা লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘জেলা লিগ নিয়মিত হবে সেটা আমি নিশ্চিত করবো। প্রত্যেক জেলায় লিগ হতেই হবে। আমি জেলাগুলোকে ফিনান্সিয়াল সপোর্ট দেবো। আমার সহমর্কীরাও সাথে থাকবেন। আমি যে কমিটি করবো সেটা হবে অন্যতম শক্তিশালী একটি কমিটি। এই কমিটি জেলাগুলোকে অর্থ সহায়তা দেবে, টেকনিক্যাল সহায়তা দেবে। লিগগুলো মনিটর করা হবে। তারপরও যদি কোনো জেলা লিগ করতে না পারে তখন অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে লিগ আয়োজন করবে।’
জেলা লিগের পরই হোম অ্যান্ড ভিত্তিতে হবে বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ হবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হবেই। এরপর অনূর্ধ্ব-২০ শেখ কামাল, এরপর রাসেল অনূর্ধ্ব-১২। ১২ মাসই জেলার ফুটবল কর্মসূচি চলবে। আগামী দেড় মাসের মধ্যে সবকিছু বিস্তারিত দিয়ে দেয়া হবে। আরেকটি বিষয় মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা যে ফুটবল টুর্নামেন্ট করে ওটার টেকনিক্যাল সহায়তা আমরা দিয়ে থাকি। এটা আমাদের কাজের অংশ। আমার খেলা দরকার। কে করে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা খেলা আয়োজন করতে চাই। আমার কাজটা হলেই হলো।’
(এসএএম/১১ অক্টোবর ২০২০)



