সেলফি তোলায় ভক্তের ফোন ছুড়ে ফেলে দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, যশোর: এবার এক ভক্তের ওপর রেগে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে’র সবচেয়ে স্বনামধন্য তারকা সাকিব আল হাসান। তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক ভক্ত। সেই আবেগে আপ্লুত হয়ে সেলফি তোলায় ভক্তের হাত থেকে ফোন কেড়ে তা ছুড়ে ফেলে দিয়েছেন সাকিব। এমন ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনালের ভিতর।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজ থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সাকিব আল হাসানের এক ভক্ত সাকিবকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে সেলফি তুলতে যাওয়ায় সাকিব ফোনটি কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এমনটি বলেছেন সাকিব ভক্ত মোহাম্মদ সেক্টর।

এঘটনার ব্যাপারে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে না পেরে তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন। আমি অনেক কষ্ট পেয়েছি।

এদিকে বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবিব বলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে দুপুরে ভারতে গেছেন। সাকিব আল হাসান কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলে তিনি জানান।

জানা গেছে, সাকিব আল হাসান বেনাপোল দিয়ে ভারতে যাবে এমন সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন সাকিব আল হাসান বেনাপোল কাস্টমস হাউসে কমিশনারের অফিস কক্ষে অবস্থান করছিলেন। এসময় সাকিব কোন সাংবাদিক বা কোন ভক্তের সালাম বা ভালো মন্দের জবাব দেননি কোন কথাও বলেননি।

(এমআই/এসএএম/১২ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)