আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করল ব্রাজিল

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ছিল ব্রাজিলেরই দখলে। তবে দুই দলের পয়েন্ট ছিল সমান, গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। এবার তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়ে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে ব্রাজিল। চোট আর করোনায় বিপর্যস্ত তিতের দলকে জয়সূচক গোলটি এনে দেন লিভারপুলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

চোটের কারণে নেইমার এ ম্যাচটা খেলতে পারবেন না তা জানা গিয়েছিল আগেই। তার জায়গায় গাব্রিয়েল জেসুসকে খেলিয়েছেন ব্রাজিল কোচ তিতে। গত মাসে পেরুর বিপক্ষে ৪-২ গোলে জেতা ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল ব্রাজিল।

ওয়েভারটনের জায়গায় গোলপোস্টে ফেরেন এডেরসন। মাঝ মাঠে ফিলিপ কুতিনিও (চোট) ও কাসেমিরোর (করোনাভাইরাস) জায়গায় অ্যালান ও এভারটন রিবেইরোকে নামান তিতে। আক্রমণে ডান পাশে জেসুস, বাঁ পাশে রিচার্লিসন, আর মাঝে রবার্তো ফিরমিনো।

গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুই দল। ৬৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফিরমিনো। ডান প্রান্ত থেকে এভারটন রিবেইরোর ক্রস ঠিকমতো ‘ক্লিয়ার’ করতে পারেননি ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও। বক্সে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ের টোকায় গোল করেন লিভারপুল তারকা। তবে ভেনেজুয়েলার জালে ব্রাজিল কিন্তু একাধিকবার বল পাঠিয়েছে।

৮ মিনিটে অফ সাইডের কারণে রিচার্লিসনের গোল বাতিল করে দেন রেফারি। খেলা তৈরির সময় অফসাইড ছিলেন ব্রাজিলের লেফটব্যাক রেনান লোদি। প্রথমার্ধে আরও একবার বল জালে পাঠিয়েছে ব্রাজিল।

৪১ মিনিটে রিবেইরোর পাস থেকে নেওয়া রিচার্লিসনের শট দারুণ দক্ষতায় রুখে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক ফারিনেজ। কিন্তু ফিরতি বলে দগলাস লুইজের শট ঢুকে পড়ে জালে। যদিও রেফারি গোলের বাঁশি বাজাননি। লুইজ শটটি নেওয়ার আগে ফাউল করেছিলেন। আবারও বাতিল হয় গোল।

তবে গোলের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন রিচার্লিসন। ৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রস পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা জেসুস। গোল করার মতো সুবিধাজনক জায়গায় থেকেও শট নেননি তিনি। বক্সে দাঁড়িয়ে থাকা রিচার্লিসনকে পাস দেন। এভারটন ফরোয়ার্ড সামনে ফাঁকা জাল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি!

এ নিয়ে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিই জিতল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজিত রইল টানা ২০ ম্যাচ। এবারের বাছাইপর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে টেবিলের শীর্ষে ব্রাজিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর।

আগামী বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

(এমআইআর/১৫ নভেম্বর ২০২০)


Comment As:

Comment (0)