ইংলিশ প্রিমিয়ার লিগে জয়বঞ্চিত ইউনাইটেড
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জয়ের সুবাস পেয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বারবার রং পাল্টানো ম্যাচে দুইবার ঘুরে দাঁড়িয়ে উলে গুনার সুলশারের দলকে তাদের মাঠেই রুখে দিয়েছে এভারটন।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও এভারটনকে সমতায় ফেরান আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর আবারও সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।
এই ম্যাচ জিতলে লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে পারল না তারা। গত নভেম্বরে প্রথম দেখায় এভারটনের মাঠে ৩-১ গোলে জিতেছিল রেড ডেভিলসরা।
গত রাউন্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৯-০ গোলে জেতা ইউনাইটেড ২৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায়। মার্কাস র্যা শফোর্ডের ক্রসে কাছ থেকে হেডে বল জালে পাঠান উরুগুয়ের তারকা ফরোয়ার্ড কাভানি।
বিরতির আগেই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। ডি-বক্সের বাইরে থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট দূরের পোস্টে গিয়ে ঠিকানা খুঁজে নেয়।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়তে পারতো। কাভানির সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে ডি-বক্সের বাইরে থেকে লুক শর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রবিন ওলসেন।
প্রতিযোগিতার সফলতম দলটি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই ক্যালভার্ট-লুইনের গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লুকাস দিনিয়ের ফ্রি-কিকে মাইকেল কিনের হেডের পর কাছ থেকে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।
ইপিএলে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট তাদের। দুই ম্যাচ কম খেলেই ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
(ডিএফই/০৭ ফেব্রুয়ারি, ২০২১)



