সাকিবের শাস্তি মওকুফ চায় মোহামেডান

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অধিনায়ককে লীগের বাকি ম্যাচগুলোতে দলে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এলক্ষ্যে সাকিব আল হাসানের শাস্তি কমাতে আপিল করেছে ক্লাবটি।

এ বিষয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের শাস্তি মওকুফের আবেদন করেছি আমরা। পাশাপাশি লীগের বর্তমান অবস্থায় শাস্তি না দিয়ে, সাকিবকে ভবিষ্যতে তিন ম্যাচ খেলা থেকে বিরত থাকার শাস্তি দেয়া যায় কি না, সেই আবেদনও করেছি।’

উল্লেখ্য, গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথমে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা থামিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি। এ দুই অপরাধে সাকিবকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শাস্তির এ সিদ্ধান্ত মোতাবেক মোহামেডানের অষ্টম, নবম ও দশম রাউন্ডের ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে সাকিবকে। এরই মধ্যে শনিবার হয়ে গেছে অষ্টম রাউন্ডের খেলা। সাকিবকে ছাড়াই বৃষ্টি আইনে ৯ রানে জিতেছে মোহামেডান। তবে পরের দুই রাউন্ডে সাকিবকে নিয়েই মাঠে নামতে চায় তারা।

(এসএএম/১৩ জুন ২০২১)


Comment As:

Comment (0)