অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের করে নিয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী দলটির বিরুদ্ধে এই প্রথম এমন কীর্তি!

শুক্রবার (০৬ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে ঘরের মাঠের বাংলাদেশ।

সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি। জবাবে অজিরা তুলতে পারল ১১৭ রান। তাতে ১০ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়টাও ধরা দিল টাইগারদের হাতে। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনাও এই প্রথম।

বিকেল হতেই শুরু হয় ঝুম বৃষ্টি। শেষ অবধি ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টা পিছিয়ে। টস হয়। মাহমুদউল্লাহ রিয়াদ সেটি জিতেন আট ম্যাচ পর। কিন্তু শুরুতেই শুরু হয় পুরোনো অস্বস্তি। ওপেনারদের ফর্ম ভাবনায় ছিল শুরু থেকেই। তারা পারেননি এদিনও।

দুই ওপেনারের বিদায়ে অবশ্য দ্রুতই কাটিয়ে ফেলেন দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তাদের ৪৪ রানের জুটি ভালো কিছুর বার্তাই দেয়। সাকিব ১৭ বলে ২৬ রান করে ফেরেন সাজঘরে। ভরসা হয়ে থেকে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি টিকে ছিলেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। প্রথম ইনিংসের পর তার ইনিংস নিয়ে ‘প্রশ্ন’ থাকতে পারে হয়তো। ম্যাচশেষে নিশ্চয়ই আর নেই। ৫৩ বলে ৫২ রানের ইনিংসটির গুরুত্বের কথা ম্যাচজয়ের পর বুঝতে পারার কথা।

গুরুত্ব অবশ্য ছিল দুইটি ছোট্ট ইনিংসেরও। দুটিই শেষ হয়েছে রান আউটে। ৫ বলে ১১ করা নুরুল হাসান সোহান আর ১৩ বলে ১৯ রান করা আফিফ হোসেন দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ১২৭ রানের সংগ্রহে।

মাহমুদউল্লাহ একটা প্রান্ত তবু ধরে ছিলেন। দেখেশুনে খেলে হাফসেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত ইনিংসের ২ বল বাকি থাকতে নাথান এলিসের বলে বোল্ড হন ৫২ করে। পরের দুই বলে আরও দুই উইকেট নিয়ে অভিষেকেই হ্যাটট্রিক পূরণ করেন অসি পেসার।

৪ ওভারে ৩৪ রানে এলিস নেন ৩ উইকেট। এছাড়া অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে জস হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। ২টি উইকেট শিকার অ্যাডাম জাম্পার।

অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ১২৮ রানের। শ্বাসরুদ্ধকর এক লড়াই গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। ওই ওভারে অস্ট্রেলিয়ার দরকার পড়ে ২২ রান। তরুণ মাহেদি হাসান ওভারের প্রথম বলেই ছক্কা হজম করে বসলে শঙ্কা ভর করে টাইগার শিবিরে। তবে পরের দুই বলে মাত্র ১ রান দেন মাহেদি।

চতুর্থ বলটি ইয়র্কার করতে গিয়েই ‘নো’ দিয়ে বসেন। অস্ট্রেলিয়া ফ্রি-হিট পেলে আবারও দুশ্চিন্তা তৈরি হয় স্বাগতিকদের। তবে মাহেদি সেই সময়ও মাথা ঠান্ডা রাখতে পেরেছেন। শেষ তিন বলে দেন মাত্র ২ রান। বিজয় উল্লাসে মাতে টাইগার শিবির।

(ডিএফই/০৭ আগস্ট, ২০২১)


Comment As:

Comment (0)