মেসিবিহীন বার্সেলোনা যুগের শুরু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল ফুটবল ক্লাব বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে নতুন যুগের সূচনা করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। প্রতিপক্ষের জালে গোল চারটি করেছেন মার্টিন ব্রাথওয়েট (২), জেরার্ড পিকে ও সার্জি রবার্তো।

সবশেষ আসরে বার্সার পক্ষে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ এসিস্টদাতা এমনকি সর্বোচ্চ সুযোগও তৈরি করেছিলেন লিওনেল মেসি। কিন্তু এ মৌসুমে তিনি আর বার্সেলোনায় নেই। রোববার রাতে প্রায় দেড় যুগ পর মেসিকে ছাড়া নতুন যুগের সূচনাই করল স্প্যানিশ ক্লাবটি।

দেখার বিষয় ছিল, মেসিকে ছাড়া কেমন করে তারা। সেই মিশনে প্রথম ম্যাচটি দুর্দান্তই খেলেছে বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে হওয়া ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই তুলে নিয়েছে ৪-২ গোলের সহজ জয়।

ম্যাচের প্রথম থেকেই নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিল সার্জিও বুসকেটসের দল। একদম প্রথম মিনিটেই দুর্দান্ত শট নেন ব্রাথওয়েট। তবে তা দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক।

পুরো ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছে বার্সেলোনা। সাজানো গোছানো আক্রমণে অন্তত ১৩ বার প্রতিপক্ষের জালের উদ্দেশ্যে শট করে তারা। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে এবং চারটিতে পাওয়া গেছে কাঙ্ক্ষিত গোল।

(ডিএফই/১৬ আগস্ট, ২০২১)


Comment As:

Comment (0)