পিএসজি ছাড়ার কথা বলেনি এমবাপে
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফ্রান্সের তরুণ তারকা কাইলিয়ান এমবাপেকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে প্যারিস সেইন্ট জার্মেইকে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে তারা। আগামী ৩১ আগস্টের মধ্যে জানা যাবে, আদৌ রিয়ালে যাচ্ছেন কি না এমবাপে।
তবে তার আগে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো দিলেন নতুন খবর। ক্লাব ছাড়ার ব্যাপারে কোনো কথাই নাকি বলেননি এমবাপে। অন্যান্য সময়ের মতো স্বাভাবিকভাবেই দলের সঙ্গে অনুশীলন করছেন ফরাসি বিস্ময়বালক- এমনটাই জানালেন পচেত্তিনো।
রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে খেলতে নামবে পিএসজি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘না! সে (এমবাপে) আমাকে পিএসজি ছাড়তে চাওয়ার ব্যাপারে কিছু বলেনি। সে আগামীকালের ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছে।’
পিএসজি কোচ আরও বলেন, ‘এমবাপের বর্তমান পরিস্থিতিকে ঘিরে আমাদের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টরের অবস্থান খুবই পরিষ্কার।’
এখনও পর্যন্ত এমবাপের দলবদলের বিষয়ে খবর হলো, তাকে বিক্রি করতে ২২০ মিলিয়ন ইউরো চেয়েছে পিএসজি। অন্যদিকে ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয় মাদ্রিদ। এখন দেখার বিষয় আগামী দুই দিনের মধ্যে কোন অবস্থায় দাঁড়ায় এমবাপের দলবদল।
(ডিএফই/২৯ আগস্ট, ২০২১)



