Embappe

হ্যাটট্রিক দিয়ে বছর শুরু এমবাপ্পের

বিনিয়োগবার্তা ডেস্ক: বছরের প্রথম ম্যাচে চতুর্থ বিভাগের দল ভানেসের বিপক্ষে ফরাসি কাপে মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল হলেই বরং চমকের বিষয় হতো। সেটা হয়নি। বলা ভালো, এমবাপ্পেই সেটা হতে দেননি। এমবাপ্পের হ্যাটট্রিকে ভানেসকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।

বাকি গোলটা করেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। এই জয়ের ফলে ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিনে উঠে গেছে পিএসজি। দুর্দান্ত হ্যাটট্রিকে মাত্র ২৩ বছর বয়সেই ক্যারিয়ারে দুই শতাধিক গোল করে ফেললেন এমবাপ্পে।

মেসির করোনা, নেইমার চোটে। পিএসজির বিখ্যাত ত্রিমূর্তির মধ্যে শুধু এমবাপ্পেই নেমেছিলেন। আনহেল দি মারিয়া বা মাউরো ইকার্দির মতো খেলোয়াড়দের নামানোই হয়নি এই ম্যাচে।

এমবাপ্পের পাশে পিএসজির আক্রমণভাগে খেলেছেন বার্সেলোনা থেকে আসা প্রতিভাবান তরুণ জাভি সিমোন্স আর মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম। ম্যাচের ২৮ মিনিটে পর্তুগিজ লেফটব্যাক নুনো মেন্দেসের কর্নার থেকে দুর্দান্ত হেড করে দলকে এগিয়ে দেন কিমপেম্বে।

প্রথমার্ধে ভানেসের রক্ষণভাগ কোনোভাবে এমবাপ্পেকে আটকে রাখতে পারলেও পরের অর্ধে আর পারেনি।

৫৯ মিনিটে শুরু হয় এমবাপ্পের তাণ্ডব। রক্ষণভাগ থেকে কিমপেম্বের বাড়ানো এক বলে দৌড়ে নিজের প্রথম গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

৭১ মিনিটে সিমোন্সের পাসে দ্বিতীয় আর ৭৭ মিনিটে এরিক এবিম্বের সহায়তায় তৃতীয়। এ নিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে ১৮ গোল করলেন এমবাপ্পে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)