Real Madrid

স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ

বিনিয়োগবার্তা ডেস্ক: করিম বেনজেমা ও লুকা মদ্রিচের গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধে মদ্রিচের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বেনজামা। এ নিয়ে প্রতিযোগীতায় ১২ বারের শিরোপাজয়ী দল এখন রিয়াল। সর্বোচ্চ ১৩ বার মুকুট জিতেছিল বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই আধিপত্য বজায় রাখে রিয়াল। ১৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে শট নেন বেনজেমা। তবে অল্পের জন্য তা লক্ষ্যভেদ করেনি। ৩৮ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ডি-বক্সে পাস দেন মদ্রিচকে। বল পেয়ে দুর্দান্ত এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার (১-০)।

বিরতির পর খেলতে নেমেই ব্যবধান বাড়ায় রিয়াল। ডি-বক্স থেকে বেনজেমার শট অ্যাথলেটিকের এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ এক স্পট কিকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুন করেন ফরাসি স্ট্রাইকার (২-০)। শেষদিকে সমতায় ফিরতে লড়াই করে অ্যাথলেটিক ক্লাব। কিন্তু রিয়ালের রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি। তাতে মৌসুমের প্রথম শিরোপা উল্লাসে মাতল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)