ipl

নিলামে ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি

নিজস্ব প্রতিবেদক: গত টি২০ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, ফাইনালের সেরা খেলোয়াড় মিচেল মার্শ, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ মোট ৪৯ জনকে ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি (২ লাখ ৬৯ হাজার ডলার) ভিত্তিমূল্যের তালিকায় রাখা হয়েছে। তালিকায় বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য মিচেল স্টার্ক, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশী। এর মধ্যে উল্লেখযোগ্য নাম রবিচন্দ্র অশ্বিন, শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ান, ঈশান কিষান, সুরেশ রায়না, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, স্টিভেন স্মিথ, সাকিব, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা ও ডোয়াইন ব্রাভো।

তালিকায় নিবন্ধিত ১ হাজার ৪১২ জনের মধ্যে ২৭০ জন অভিষিক্ত, ৩১২ জন অনভিষিক্ত ও ৪১ জন আইসিসির সহযোগী দেশের।

২০১৮ সালের পর ফের বড় পরিসরে আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার দুটি দল বেড়ে দশে দাঁড়িয়েছে। গত অক্টোবরে আইপিএলে যুক্ত হয়েছে লক্ষেৗ ও আহমেদাবাদ।

৩৩ জন খেলোয়াড়কে ধরে রাখতে ১০টি ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে ৩৩৮ কোটি রুপি খরচ করেছে। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলো পর্যাপ্ত বাজেট নিয়ে নিলামে অংশ নেবে। এর মধ্যে পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের টাকার থলেটা বেশ স্ফীতই।

লোকেশ রাহুলকে ১৭ কোটি রুপিতে দলভুক্ত করেছে লক্ষেৗ, যা যুগ্মভাবে আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিও তার সমান পারিশ্রমিক নেন। ২০১৮ সালে একই অংকের চুক্তিতে সই করেন কোহলি। ৯ দশমিক ২ কোটিতে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসকে ও ৪ কোটিতে ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয়কে কেনার পর আগামী মাসে ৫৯ কোটি ৮০ লাখ রুপি নিয়ে নিলামে অংশ নেবে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষেৗ। এ ফ্র্যাঞ্চাইজির মালিক আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

গ্লোবাল ইকুইটি জায়ান্ট সিভিসি ক্যাপিটালের মালিকানাধীন আহমেদাবাদ ৫২ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে। এরই মধ্যে তারা দলভুক্ত করেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও আফগান লেগ স্পিনার রশিদ খানকে, দুজনের প্রত্যেকের জন্য খরচ ১৫ কোটি রুপি। আর শুভমান গিলকে কিনতে হয়েছে ৮ কোটি রুপিতে। আহমেদাবাদ শুক্রবার জানিয়েছে, পান্ডিয়া দলটিকে নেতৃত্ব দেবেন।

নতুন দুটি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের আগেই তিনজন করে নতুন খেলোয়াড় সই করানোর অনুমতি দিয়েছে আইপিএল, তবে তারা অবশ্যই অন্য ক্লাবের ‘ধরে রাখা’ খেলোয়াড় হতে পারবেন না।

বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে।

বিনিয়োগার্তা/এসএল//


Comment As:

Comment (0)