সাকিবের দাম ২ কোটি রুপি

আইপিএলে যে কারণে দল পেলেন না সাকিব

বিনিয়োগবার্তা ডেস্ক: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। গত শনি ও রোববারের নিলামে দুই দফায় সাকিব অবিক্রীত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জোর আলোচনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে অনবদ্য ফর্মে থাকার পরও কী কারণে তাকে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই কিনল না, তা নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক। ৩৫ বছরে পা দিতে চলা এ ক্রিকেটারের আইপিএল ক্যারিয়ারই কি তবে শেষ হতে চলল?

বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের মিলনমেলা হয়ে ওঠা আইপিএলে দল পাওয়া মানে গৌরবের সঙ্গে বিরাট আর্থিক উপার্জনের হাতছানিও। নিলামে সাকিব ছিলেন ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। নিলামে তাকে কিনতে একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা হলে তিনি ২ কোটি কিংবা তার অনেক বেশি অর্থ পেতে পারতেন। আগেই শত কোটি টাকার মালিক বনে যাওয়া এ ক্রিকেটারের ব্যাংক হিসাব হয়তো আরেকটু স্ফীত হতো। কিন্তু আইপিএলের ২০২২ আসরে তার খেলা হচ্ছে না, আর অন্তত ২ কোটি রুপিও উপার্জন করা হলো না।

কিন্তু প্রশ্ন উঠছে, কী কারণে আইপিএলে এবার দল পেলেন না বাংলাদেশের সবচেয়ে বড় এ ক্রিকেটার, যিনি ২০১১ সাল থেকে ছিলেন প্রায় নিয়মিত মুখ।

সাকিবের আইপিএলে দল না পাওয়া নিয়ে খোদ ভারতের বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্ব বিস্মিত হয়ে টুইট করেছেন, আবার অনেকে ব্যাপারটিকে সহজ করেই দেখছেন। বিশেষ করে ২০২১ সালের আইপিএলে বলার মতো পারফর্ম করেননি সাকিব, ২০১৯ সালেও মাত্র তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে তো তার খেলাই হয়নি। আগের দুই আসরে ভালো না করায় এবারের বিপিএলে আগুনে ফর্ম দেখালেও তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি আইপিএলের কেউ।

তাকে না কেনার আরেকটি কারণ স্পষ্ট—সাকিবকে পুরো আইপিএলে পাওয়ার অনিশ্চয়তা। মার্চ-এপ্রিলে হতে পারে আইপিএল, যে সময় বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর করবে। এরপর রয়েছে শ্রীলংকার বিপক্ষে হোম টেস্ট সিরিজ। মে মাসের তিন-চার সপ্তাহ যে আইপিএলে তাকে পাওয়া যেত না, এটি নিশ্চিতই। ওই সময় তিনি শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবেন, যা বিসিবির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েও দেয়া হয়েছে। এসব অনিশ্চয়তা-টানাপড়েনের কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের ফাঁকে বিশ্লেষক ও সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সাকিবের দল না পাওয়ার কারণ নিয়ে বললেন, সাকিবের প্রাপ্যতা একটি ব্যাপার। কত সময় তাকে পাওয়া যাবে, এটা নিশ্চিত নয়। এটি বড় ফ্যাক্টর হতে পারে। আরেকটি ব্যাপার হলো, সে খুব ভালো অলরাউন্ডার হলেও আইপিএলে তার পরিসংখ্যান খুব সমৃদ্ধ নয়। ভালো পারফরম্যান্স আছে, তার রেকর্ড অসাধারণ। এবার বিপিএলে খুব ভালো করলেও তা আসলে পাত্তা পায়নি।

সাকিবের আইপিএলে দল না পাওয়ার পরিপ্রেক্ষিতে ওঠা আলোচনার মধ্যেই সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির গতকাল এক ফেসবুক পোস্টে লিখেছেন, নিলামে কোনো দল না নিলেও আইপিএলের দুটি দল নাকি সরাসরি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল। শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল, সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কিনা!’

শিশির মনে করেন, আইপিএলে সাকিব দল পায়নি বলেই যে তার আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সেটা ঠিক নয়। দল পেলে তিনি শ্রীলংকার বিপক্ষে সিরিজে থাকতে পারতেন না। শিশির প্রশ্ন তুলেছেন, তখন সবাই তাকে ‘বিশ্বাসঘাতক’ বলতেন কিনা। তার কথায়, আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়। এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলংকার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন? তাকে বিশ্বাসঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেয়ার জন্য দুঃখিত!

শিশিরের এমনটি বলা ও ব্যাখ্যা করার কারণও সবার জানা। অতীতে অনেকে অভিযোগ তুলেছেন, সাকিব দেশের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখেন বলেই জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলেছেন।

সাকিব জায়গা না পাওয়ায় এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশের ছয় ক্রিকেটার আইপিএল খেলেছেন। ২০২০ ও ২০১৩ আসর বাদে ২০১১ সালের পর আইপিএলের সব আসরে খেলেছেন সাকিব, কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপাও জিতেছেন দু-দুবার। এছাড়া মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল আইপিএল খেলেছেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)