হ্যাটট্রিক করে সাড়ে ৯ কোটি টাকা বোনাস পেলেন রোনালদো
বিনিয়োগবার্তা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনারালদো। দলকে জেতানো এই পারফরম্যান্সে আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তিনি বোনাস হিসেবে পেয়েছেন ৮ লাখ ৫০ হাজার পাউন্ড (৯ কোটি ৬৭ লাখ টাকা)।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে চলতি মৌসুমে ২১ গোল হয়ে গেছে রোনালদোর। তার চুক্তিতে শর্ত আছে, ২০ গোলের বেশি করলেই তিনি পাবেন ৭ লাখ ৫০ হাজার পাউন্ড বোনাস, সেই সঙ্গে হ্যাটট্রিকের জন্য পাচ্ছেন আরো এক লাখ পাউন্ড। সব মিলে, এদিন তিনি আয় করেছেন সাড়ে আট লাখ পাউন্ড।
এখানেই শেষ নয়। চলতি মৌসুমে যতগুলো গোল করবেন তার প্রতিটির জন্য ১ লাখ পাউন্ড করে বোনাস পাবেন রোনালদো।
চলতি মৌসুমে শীর্ষ গোলদাতাকে ১০ লাখ পাউন্ড প্রাইজমানি দেবে ম্যানইউ। এই পুরস্কারটি নিশ্চিতভাবেই পাচ্ছেন রোনালদো। কেননা দুইয়ে থাকা ব্রুনো ফার্নান্দেজ তার চেয়ে ১২ গোল পিছিয়ে রয়েছেন।
চলতি মৌসুমে ৩০ গোল পূর্ণ করতে পারলে মৌসুম শেষে বোনাস হিসেবেই ২৭ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর শীর্ষ চারে থাকার আশা বাঁচিয়ে রেখেছেন রোনালদো। গত মাসে টটেনহামের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। শনিবার নরউইচের বিপক্ষে তার পুনরাবৃত্তি ঘটালেন।
বিনিয়োগবার্তা/এসএল//



