চূড়ান্ত হলো অষ্টম টি২০ বিশ্বকাপের ১৬ দল
বিনিয়োগবার্তা ডেস্ক: আসন্ন টি২০ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত হয়েছে। শেষ দুটি দল হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
গতকাল শুক্রবার বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় নেদারল্যান্ডস। অন্যদিকে জিম্বাবুয়ে সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। ২০১৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে।
আরব আমিরাতে ২০২১ সালের টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সবগুলো দেশ আগেই সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশও। বাকি চারটি স্থানের জন্য হয়েছে বাছাইপর্ব।
বাছাইপর্ব উতরিয়ে গত ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে জায়গা করে নেয়। এবার শেষ দুটি দল হিসেবে জায়গা করল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর।
বিশ্বকাপের ১৬ দল: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া।
বিনিয়োগবার্তা/ডিএফই//



