ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন ভারতের
বিনিয়োগবার্তা ডেস্ক: ভারতীয় ফুটবলে এখন ঝড় চলছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে কয়েক দিন আগে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলের কোনো কর্মকান্ডে আপাতত অংশ নিতে পারবে না ভারত। তবে ধীরে ধীরে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার রাস্তা তৈরি করছে ভারত।
মূলত ‘তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে তাৎক্ষণিকভাবে’ ভারতকে নিষিদ্ধ করেছে ফিফা। মে মাসে ভারতের ফুটবলে দেশটির সুপ্রিম কোর্ট এআইএফএফে প্রশাসকদের একটি কমিটি (সিওএ) ঠিক করে দিয়েছিলেন, যা ফিফার নিয়মের পরিপন্থী। গত সোমবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের সে কমিটিকে সরিয়ে দিয়েছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার রাস্তা কিছুটা পরিষ্কার হলো।
সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই বিষয়টি ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক সুনন্দ ধর। চিঠিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। সুনন্দ ধর বলেছেন, ‘আমরা ফিফাকে অনুরোধ করেছি এআইএফএফের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করার।’
সুনন্দ আরও উল্লেখ করেছেন, ‘যেহেতু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আপনাদের চিঠির শর্ত পালন করা হচ্ছে, তাই আমরা অনুরোধ করছি যেন কাজটি দ্রুত করা হয়। যাতে ভারতে ফুটবল পুনরায় ভালোভাবে চালু করা যায়।’ এখনো এর কোনো জবাব দেয়নি ফিফা।
নিষেধাজ্ঞা চলাকালে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না ভারত। তাদের জাতীয় দলও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে না। এ ছাড়া আগামী ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নিষিদ্ধ হওয়ায় সেটিও আয়োজন করতে পারবে না। তাই দ্রুত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে দেশটি।
বিনিয়োগবার্তা/ডিএফই//



