বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান
খেলাধূলা ডেস্ক: বিতর্কিত সিদ্ধান্ত আর মিস ফিল্ডিংয়ে ভরা এক ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। অলিখিত কোয়ার্টার ফাইনাল হলেও রোমাঞ্চ ছড়াতে পারেনি কোনো দল।
নিজেদের শেষ ম্যাচ হেরে বাড়ি ফিরছে বাংলাদেশ। অন্যদিকে ভাগ্যের জোরে সেমিতে উঠে গেল পাকিস্তান। ১২৮ রান তাড়ায় পাকিস্তান জিতেছে ৫ উইকেটে।
এদিকে নেদারল্যান্ডসের মিরাকলে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল সাকিব আল হাসানের দল।
দুই দল যখন টিম হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে রওনা হয়, হয়তো তখনো জানত না এ ম্যাচের তাৎপর্যটা। নেদারল্যান্ডস এরপর জন্ম দিল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় অঘটন। ডাচদের কাছে দক্ষিণ আফ্রিকার হারে সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে পড়া বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটিই কার্যত পরিণত হলো কোয়ার্টার ফাইনালে-জিতলেই নিশ্চিত সেমিফাইনাল।
ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার মতো ইনিংসের পরের ভাগে পথ হারিয়েছে তারা।
এরপরও ম্যাচে ফিল্ডিংয়ে সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো ভিন্ন কিছু হতে পারত বাংলাদেশের জন্য। এর আগে ব্যাটিংয়ে নাগালের মধ্যে থাকা ১৫-২০ রান বেশি হলে হয়তো ভিন্ন কিছু হতে পারত। সেটি হলো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ইশারা দিয়েই চলে গেল বাংলাদেশের কাছ থেকে।
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ৫৭ রান উঠলেও দুজন মিলে খেলেছিলেন ৬৩ রান। বাংলাদেশকে ছিটকে দিয়েছেন মূলত মোহাম্মদ হারিস। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলার পথে নেওয়াজের সঙ্গে ২০ বলে ৩১ রানের পর শান মাসুদের সঙ্গে ১৪ বলে ২৯ রানের জুটি গড়েন হারিস।
পাকিস্তান জয় পেয়েছে ১১ বল বাকি থাকতে, ৫ উইকেটে।
এ হারে নেদারল্যান্ডসের নিচে, গ্রুপে পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সঙ্গে তারা হেরেছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে।
বিনিয়োগবার্তা/এমআর//



