বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দল থেকে ছিটকে পড়লেন সেলসো
বিনিয়োগবার্তা ডেস্ক: কাতারে ২২তম বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র আর দিন দশেক। যদিও এখন পর্যন্ত কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। দল ঘোষণার আগেই আলবিসেলেস্তে শিবির খেয়েছে বড় ধাক্কা। যেখানে তারা হারিয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্যকে।
বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন জিওভান্নি লো সেলসো। টটেনহামের এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি।
সেদিনের সেই চোটের কবলে পড়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন সেলসো। জিওভান্নি শুধু যে ক্লাব ফুটবলেই দারুণ তা নন, আর্জেন্টিনার জার্সিতেও শেষ কয়েক বছর ধরে নিয়মিত মুখ ছিলেন। গেল বছর আলবিসেলিস্তেদের হয়ে কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও তিনি।
আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও একাদশে ছিলেন লো সেলসো। ফলে বলা যায় বিশ্বকাপের আগে বেশ বড় ধাক্কাই খেল আর্জেন্টিনা দল।
বিনিয়োগবার্তা/এসএল//



