ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
খেলাধূলা ডেস্ক: ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ভারতকে উড়িয়ে ইংল্যান্ডকে ফাইনালে নিয়ে গেলেন হেলস-বাটলার। হেলস বাটলারের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ১৫৯ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যে কোনো উইকেটেই এটি সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫২*, সেটিও এসেছিল ভারতের বিপক্ষেই, গত বিশ্বকাপে!
জয়ের জন্য লক্ষ্য ১৬৯ রানের। বিশ্বকাপের সেমিফাইনাল। অস্ট্রেলিয়ায় এবারের বিশ্বকাপে গড়পড়তা যে রান হয়েছে তাতে ১৬৯ রানই ছিল লড়াই করার জন্য যথেষ্ট। কিন্তু ইংল্যান্ড ব্যাটারদের সামনে এই রান যেন একেবারেই মামুলি।
ভারতীয় বোলিংকে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটে হারালো ইংল্যান্ড এবং নাম লিখে নিলো ফাইনালে। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটেই জয় তুলে নিলো ইংল্যান্ড।
এর আগে বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। শুরুতেই উইকেটের ধাক্কা খাওয়া দলটি প্রথম ৩ ওভারে মাত্র ১১ রান করে। ধীরে ধীরে রানের গতি বাড়ান বিরাট কোহলি-রোহিত শর্মা। তবে তাতে ৬ ওভারে ৩৮ রানের বেশি করতে পারেনি ভারতীয়রা।
দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত। ভারতের অধিনায়ককে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। বড় স্কোর করতে পারেননি সুর্যকুমার যাদবও। ১০ বলে ১৪ রান করে ফিরেছেন আদিল রশিদের বলে।
চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলে আউট হন ডানহাতি তারকা এ ব্যাটার। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। তার ৩৩ বলে ৬৩ রানের ইনিংসে ১৬৮ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২ উয়িকেট নিয়েছেন জর্ডান। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও স্যাম কারান।
বিনিয়োগবার্তা/এমআর//



