স্বাগতিকদের হারিয়ে ইকুয়েডরের বিশ্বকাপ মিশন শুরু
খেলাধূলা ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দেশকে হারিয়ে দিল ইকুয়েডর।
রবিবার (২০ নভেম্বর) আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে জিতেছে একুয়েডর। প্রথমার্ধেই ১৫ মিনিটের ব্যবধানে করলেন জোড়া গোল। জয়ের হাসিতে পথচলা শুরু হলো লাতিন আমেরিকার দেশটির।
আসর শুরুর তৃতীয় মিনিটেই গ্যালারি ভর্তি স্বাগতিক সমর্থকদের মুহূর্তের জন্য স্তব্ধ করে দেন ভালেন্সিয়া। ডান দিক থেকে সতীর্থের দারুণ অ্যাক্রোবেটিক পাস পেয়ে গোলমুখ থেকে হেডে জালে বল পাঠান একুয়েডর অধিনায়ক। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডে বাঁশি বাজান রেফারি।
একের পর এক আক্রমণে প্রবল চাপ ধরে রাখে একুয়েডর। চতুদর্শ মিনিটে ডি-বক্সে ঢুকে পড়েন ভালেন্সিয়া। তাকে গোলরক্ষক সাদ আলশিয়েব ফেলে দিলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠান ফেনেরবাচের ফরোয়ার্ড ভালেন্সিয়া। আগেই উল্টোদিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক কোনো সুযোগই পাননি।
৩১তম মিনিটে আবারও ভালেন্সিয়ার দারুণ হেড এবং কাতালের জালে বল। এবার ঠিকই বাজে গোলের বাঁশি। ডান দিক থেকে সতীর্থ ডিফেন্ডার আনহেলো প্রেসিয়াদোর দারুণ ক্রস দূরের পোস্টে পেয়ে লাফিয়ে নেওয়া হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভালেন্সিয়া।
বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কাতার। ডান দিক থেকে আসা সতীর্থের ক্রসে মাথা ছোঁয়ালেও যথেষ্ট জোর দিতে পারেননি। বল তার মাথা ছুঁয়ে চলে যায় বাইরে। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ইকুয়েডর। অন্যদিকে স্বাগতিকরা হতাশায় ডুবালো নিজেদের সমর্থকদের।
বিনিয়োগবার্তা/এমআর//



