ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে হারল ইরান, সেনেগালের সঙ্গে ২ গোলে জিতল ডাচরা

ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেল ইংল্যান্ড। ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা গতকাল দোহায় অনুষ্ঠিত ম্যাচে ৬-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইরানকে। আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে গোল উৎসব করেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা, রহিম স্টার্লিং, মার্কাস র্যাশফোর্ড ও জ্যাক গ্রিয়ালিশ। এর মধ্যে সাকা করেন জোড়া গোল।

এদিকে গতকাল রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে নেদারল্যান্ডস।

গ্যারেথ সাউথগেটের দল গত বিশ্বকাপ থেকেই অনবদ্য ফর্মে রয়েছে। এরপর ইউরোতেও তারা শিরোপার কাছাকাছি চলে গিয়েছিল। ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর হার মানে ইতালির কাছে। থ্রি লায়ন্সরা গত দুটি বড় আসরের ফর্ম টেনে আনল কাতারেও। দলগত প্রচেষ্টায় তারা হার মানায় নখদন্তহীন দল হয়ে পড়া ইরানকে। আবার ম্যাচের ৮ মিনিটে সতীর্থ খেলোয়াড় মাজিদ হোসেইনির সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে যায় ইরানের আলিরেজা বেইরানভন্দের। প্রায় ১০ মিনিট শুশ্রূষার পর রক্ত পড়া বন্ধ হলে তিনি খেলতে চেয়েছিলেন। তবে পারেননি। তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। হোসেইন হোসেইনি বদলি গোলকিপার হিসেবে নামলেও এ ঘটনায় শুরুতেই যেন এলোমেলো হয়ে যায় ইরান। সেই ক্ষত আর কাটিয়ে উঠতে পারেনি কার্লোস কুইরোজের দল।

গোল উৎসবের দিন ইরানের জালে প্রথম বল পাঠান ১৯ বছর বয়সী বেলিংহাম। তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার ১০ মিনিট আগে লুক শর ক্রস থেকে গোলটি করেন তিনি। এরপর তরুণ সাকার দুর্দান্ত এক গোল আর অভিজ্ঞ রহিম স্টার্লিংয়ের ভলি ইংল্যান্ডকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে রাখলে ম্যাচটি মূলত সেখানেই শেষ হয়ে যায়।

আর্সেনাল তারকা সাকা ৬২ মিনিটে আরেক গোল করলে ইরানের সব আশা যেন শেষ হয়ে যায়। পোর্তোয় খেলা স্ট্রাইকার মেহদি তারেমি ৬৫ মিনিটে দর্শনীয় এক গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে মাত্র। পাসিং ফুটবলের পসরা সাজানো ইংলিশরা পরে আরো দুই গোল দিয়েছে ইরানকে। ৭১ মিনিটে র্যাশফোর্ড ও ৮৯ মিনিটে গ্রিয়ালিশ গোল করেন। তাতে ব্যবধান হয়ে পড়ে (৬-১)। তারেমি যোগ করা সময়ের একেবারে শেষ সময়ের ১৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে ব্যবধান আরেকটু কমালেও ইরানকে বড় হারের লজ্জা থেকে বাঁচাতে পারেননি।

দলগত প্রচেষ্টায় জয় পেলেও ইংল্যান্ডের নায়ক বেলিংহাম ও সাকা। ১৯ বছর বয়সী বেলিংহাম খেলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। কাতার বিশ্বকাপে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের মধ্যে উচ্চারিত হচ্ছি তার নাম। প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিলেন, কেন তাকে নিয়ে আলোচনা।

অন্যদিকে, ম্যানসিটি তারকা ফিল ফডেনকে না নিয়ে শুরুর একাদশে ২১ বছর বয়সী সাকাকে বেছে নেন সাউথগেট। বিশ্বকাপের মতো ম্যাচে দুই গোল করে কোচের এ আস্থার প্রতিদান দিলেন আর্সেনাল ফরোয়ার্ড।

শুধু গোল করেই নয়, প্রতিটি মুহূর্তে ইরানের রক্ষণে আতঙ্ক তৈরি করে রেখেছেন আর্সেনাল তারকা সাকা। ম্যাচের সত্যিকারের ‘ইমপ্যাক্ট রেখেছেন তিনি। তাই ৭১ মিনিটে যখন এই খেলোয়াড়টিকে তুলে র্যাশফোর্ডকে মাঠে নামান তখন দর্শক করতালিতে তাকে অভিনন্দন জানান।

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেদিন ইরান খেলবে ওয়েলসের বিপক্ষে।

এদিকে কাল দ্বিতীয় ম্যাচে ডাচদের সঙ্গে লড়াই করা সেনেগাল শেষ মুহূর্তের গোলে হেরে বসে। ৮৪ মিনিটে ডাচদের প্রথম গোলটি করেন কডি গাকপো। বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের ক্রসে শক্তিশালী হেড নিয়ে গোলটি করেন তিনি। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে ডাচদের পক্ষে দ্বিতীয় গোল করেন ডেভি ক্লাসেন।

উল্লেখ্য, ২০১৪ সালের পর এটিই বিশ্বকাপে ডাচদের প্রথম ম্যাচ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রত্যাবর্তনের আসরে দারুণ সূচনা পেল ফন হালের দল।

আফ্রিকান চ্যাম্পিয়নরা ম্যাচ শেষে হতাশায় নুয়ে পড়েন। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে বলে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলসেরা খেলোয়াড় সাদিও মানে। তাকে হারিয়ে খর্বশক্তির হয়ে পড়া সেনেগাল এ ম্যাচে ডাচদের রক্ষণব্যূহ ভাঙতেই পারেনি।

সেনেগালিজদের হতাশার আরেকটি কারণ অল্প সময়ের ব্যবধানে হলুদ কার্ড দেখেন ইদ্রিসা গুইয়ে ও নামপালিস মেন্দি।

শুক্রবার আল থুমামা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে সেনেগাল, ওইদিন আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ একুয়েডর।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)