6693 copy

মেসির জন্ম নাকি ভারতের আসামে!

বিনিয়োগবার্তা ডেস্ক: ভারতের আসামে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জন্ম নেয়ার আজব দাবি করেছেন রাজ্যটির কংগ্রেসের এমপি আব্দুল খালেক। এরপর ট্রলের শিকার হন তিনি। পরে বিপাকে পড়ে সেই টুইট ডিলিট করেন আব্দুল খালেক। তবে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি বরপেটা লোকসভা কেন্দ্রের এই এমপি।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপরই আব্দুল খালেক তার নিজের টুইটার পেজে লেখেন, ‌হৃদয় থেকে আপনাকে অভিনন্দন। আপনার সঙ্গে আসামের সম্পর্ক থাকার কারণে আমরা গর্বিত।

খালেকের ঐ টুইটের পরই আদিত্য শর্মা নামে এক ব্যক্তি পাল্টা লেখেন, ‘আসামের সাথে সম্পর্ক বলতে আপনি কী বোঝাতে চাইছেন?’ খালেক তার উত্তরে বলেন, ‘হ্যাঁ, মেসি আসামে জন্মগ্রহণ করেছেন।

নিজের অজ্ঞতার কথা বুঝতে পেরে অবশ্য সেই টুইট ডিলিট করেন কংগ্রেসের এ এমপি। তবে নেটিজেনরাও ছেড়ে দিতে রাজি নন। টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন, হ্যাঁ তিনি আমার সহপাঠী ছিলেন!

আরেক নেটিজেন আবার মজা করে লিখেন, বিশ্বকাপ জয়ের পরই মেসি এবং তার স্ত্রী আসাম সফর করেছিলেন। ভুললে চলবে না আপনি কোথা থেকে আসছেন।

বিনিয়োগবার্তা/এস্এল// 


Comment As:

Comment (0)