ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ৭টি আইসিটি ট্রেনিং ভ্যান হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সাতটি ভ্যান হস্তান্তর করা হয়েছে। এসব ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে গ্রামীণ যুবক ও যুবমহিলারা তথ্য প্রযুক্তি বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) যুব উন্নয়ন অধিদফতরের সম্মেলন কক্ষে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. তৌহিদুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেসের কাছে সাতটি আইসিটি ট্রেনিং ভ্যানের চাবি হস্তান্তর করেন।
গ্রামাঞ্চলের দরিদ্র কর্মপ্রত্যাশী যুবদের জন্য ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ইন্টারনেটসহ কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এটা এই প্রকল্পের দ্বিতীয় পর্ব।
প্রথম পর্বে সাতটি আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ চলমান ছিল। দ্বিতীয় পর্বে আরো ৭টি ভ্যান সংযোজনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমকে আরো বিস্তৃত ও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদফতর ও প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিনিয়োগবার্তা/এমআর//



