মিয়ানমারে ৭ হাজার বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক: মিয়ানমারের স্বাধীনতা দিবসে ৭ হাজার ১২ জন বন্দিকে ক্ষমা করে মুক্তি দেয়া সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক সরকার। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিতে দেয়া ভাষণে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এ তথ্য জানান। ভাষণে জান্তা প্রধান মিয়ানমারকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কয়েকটি দেশের প্রশংসা করেছেন। খবর: রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ এবং সংস্থা ও ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি যারা সব চাপ, সমালোচনা ও আক্রমণের মধ্যেও আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন। তিনি বলেছেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমরা সীমান্ত স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব।
ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার দিবসটিতে প্রতি বছর মিয়ানমার সরকার কিছু বন্দিকে মুক্তি দিয়ে থাকে। এবার ৭ হাজার ১২জনকে মুক্তি দেওয়া হবে। তবে মুক্তি পাওয়াদের মধ্যে রাজনৈতিক বন্দিরা থাকবেন কিনা তা স্পষ্ট নয়।
বিনিয়োগবার্তা/এসএএম//



