ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের আঁটসাঁট বোলিং
বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পুঁজি মাত্র ২০৯ রান। সেই পুঁজিতেই বোলিংয়ের শুরুটা দুর্দান্ত বাংলাদেশের। প্রথম ওভারেই ইংলিশ শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। সেই আঘাত সামলে ধীরগতিতেই এগোচ্ছিলো থ্রি লায়নসরা। নবম ওভারে এসে টাইগারদের দ্বিতীয় উইকেট এনে দেন তাইজুল। পাওয়ার প্লে'র ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। আর ১৩ ওভারে ৪৫ রানে ইংল্যান্ড হারিয়েছে ৩ উইকেট।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিলো টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ভর করে ইংল্যান্ডকে ২১০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
বোলিংয়ে নেমে প্রথম ওভারেই অধিনায়ক তামিম ভরসা করেন সাকিবের ওপর। সেই ভরসার প্রতিদান দিতে একটুও ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথম তিন বল ডট দেওয়ার পর চতুর্থ বলে সাকিব বাউন্ডারি হজম করেন রয়ের কাছে। পরের বলটি ডট দিয়ে ওভারের শেষ বলে বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ এনে দেন সাকিব।
সাকিবের বলে চিপ করতে গিয়ে এজড হয়ে রয় বল তুলে দেন মিড-অফের ওপরে। সেখানে দাঁড়িয়ে থাকা তামিম কিছুটা বাঁ দিকে ছুটে এসে তালুবন্দী করেন সেই ক্যাচ।
প্রথম ওভারেই উইকেট হারিয়ে অনেকটা খোলসে ঢুকে যায় ইংলিশ ব্যাটাররা। ৫ ওভার শেষে মাত্র ১৩ রান ওঠে ইংল্যান্ডের। প্রথম ওভারে রয়ের এক বাউন্ডারি ছাড়া আর কোনো বাউন্ডারি নেই প্রথম পাঁচ ওভারে। ষষ্ঠ ওভারে এসে তাসকিনের বল বাউন্ডারি ছাড়া করেন সল্ট।
সপ্তম ওভারে মারমুখী হয়ে ওঠেন ডেভিড মালানও। তাইজুলকে ছক্কা আর পরের ওভারে মিরাজকে চার মারেন মালান।
নবম ওভারে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন তাইজুল। ওভারের প্রথম বলেই সল্টের স্ট্যাম্প ভেঙে টাইগার শিবিরকে উল্লাসে মাতান দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এই স্পিনার।
পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পারে ইংলিশরা। ১৩তম ওভারে জেমস ভিন্সকে স্টাম্পিং করেন তাইজুল ইসলাম। ৪৫ রানে ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩৪ রান। এই প্রতিবেদনের সময় ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ৬৯ রান।
বিনিয়োগবার্তা/ডিএফই//



