রোনালদোর বিশ্বরেকর্ড, জয়সূচক গোল করে জেতালেন দলকে
খেলাধূলা ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা ক্রিস্টিয়ানো রোনালদো আগেই নিজের করে নিয়েছেন। গত মার্চে লিখটেনস্টেইনের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বে কুয়েতি ফুটবলার বদর আল মুতওয়ার ১৯৬ ম্যাচ খেলার রেকর্ড ছাপিয়ে গিয়েছিলেন।
গতকাল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেললেন ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ। উপলক্ষটা স্মরণীয় করে রেখেছেন গোল করে দলকে জিতিয়ে। ইউরো ২০২৪ বাছাইপর্বে কাল আইসল্যান্ডকে পর্তুগাল হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের ৮৯ মিনিটে রোনালদোর পা থেকে আসে গোলটি।
এটি ছিল আল-নাসর তারকার ১২৩ তম আন্তর্জাতিক গোল। যদিও গোলটি বৈধ ছিল কি না, সেটি জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁকে। প্রথমে তাঁর গোলটি অফসাইড বলে বাতিল করে দিয়েছিলেন রেফারি, তবে ভিএআর দেখে অফসাইডের সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয় গোল।
আইসল্যান্ড কাল পর্তুগালের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিছুতেই তাদের রক্ষণ ভেদ করা সম্ভব হচ্ছিল না। তবে ম্যাচের ৮১ মিনিটে পর্তুগালের গনসালো ইনাসিওকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আইসল্যান্ডের থর উইলুমসন মাঠ ছাড়লে দশজনের দল হয়ে যায় আইসল্যান্ড।
এর আগেই অবশ্য গোল পেতে পারত আইসল্যান্ড। প্রথমার্ধে দুটি ভালো সুযোগ নষ্ট করেছে তারা। প্রথমার্ধে বেশির ভাগ সময়ই প্রাধান্য বিস্তার করে খেলেছে আইসল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। ভালো কিছু সুযোগও তৈরি করে। এর ফল হিসেবেই ৮৯ মিনিটে রোনালদোর ওই গোল।
এই জয়ে ইউরো বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। ৪ ম্যাচের সব কটিতে জিতে তাদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়া পর্তুগালের চেয়ে পিছিয়ে ২ পয়েন্টে। গতকাল তারা ১-০ গোলে হারিয়েছে লিখটেনস্টাইনকে।
দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলে দারুণ উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটা দুর্দান্ত একটা অর্জন আমার ক্যারিয়ারে। সত্যিই অনন্য অর্জন।’
রোনালদো অবশ্য সবচেয়ে বেশি খুশি নিজের ১২৩ তম গোলটি দিয়ে দলকে জেতাতে পেরে, ‘এ ম্যাচে আমার গোলে আমার দল জিতেছে। এটা আমার ২০০ ম্যাচ খেলার অর্জনের চেয়েও বিশেষ।’
বিনিয়োগবার্তা/আরএএস//



