কেন্টের বিপক্ষে এসেক্সের হয়ে মাঠে নামবেন তামিম ইকবাল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: এসেক্স কাউন্টির হয়ে খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গেছেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের কারনে বিসিবির কাছ থেকে দীর্ঘ ছুটি পাননি, তাই এসেক্সের সঙ্গে ৮ ম্যাচের চুক্তি তামিমের। আজ কেন্টের বিপক্ষে এসেক্সের ম্যাচ শুরুর আগেই যোগ দেবেন বাংলাদেশি এই ড্যাশিং ওপেনার।
তামিম খেলবেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্স ইগলসের হয়ে । দলটির কোচ ক্রিস সিলভারউড মনে করেন, তামিমের অন্তর্ভুক্তি ওপেনিংয়ে তাঁর দলের শক্তি বাড়াবে, ‘দলের ওপেনিং পজিশনটায় যে দুর্বলতা আছে তামিমকে দলে নেওয়ায় সেটি পূরন হয়েছে।’
সিলভারউডের তামিমকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘তামিম কতটা ভালো খেলোয়াড়, সেটি সে দেখিয়েছে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেই। ব্যাটসম্যান হিসেবে সে দারুণ মারকুটে, সেটি বোঝা যায় তাঁর স্ট্রাইক রেটের দিকে তাকালেই। আমরা এই মানের একজন খেলোয়াড় দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।’
গত চ্যাম্পিয়নস ট্রফির দুর্দান্ত ব্যাটিং এর কারনে তামিম ইংলিশ ক্লাবগুলোর নজর কেড়েছেন। বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার দীর্ঘ মেয়াদে ইংলিশ ক্রিকেটে খেলার সম্ভাবনা রয়েছে।
(এম আর / ৯ জুলাই, ২০১৭)



