র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ পয়েন্ট পেছাল শ্রীলঙ্কা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে হারের কারনে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আরও ২ পয়েন্ট পেছাল শ্রীলঙ্কা। সাতে থাকা বাংলাদেশের পয়েন্ট ৯৪, আটে থাকা লঙ্কানদের পয়েন্ট এখন ৯০।
চতুর্থ ওয়ানডেতেও আগে ব্যাট করে হারল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের বিরুদ্ধে। আগে ব্যাট করে ৩০০ রান তোলে লঙ্কানরা। আগের ম্যাচের পর কালও লঙ্কান ওপেনাররা গড়লেন দ্বিশতক জুটি—টানা দুই ম্যাচে কোনো নির্দিষ্ট জুটির দুই শ পেরোনোর রেকর্ড ওয়ানডেতে এই প্রথম।
লঙ্কান ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ডের পর এমনটা কেউ ভাবতে পেরেছিলেন যে, ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই জিতে যাবে জিম্বাবুয়ে। বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের লক্ষ্য নামিয়ে আনে ৩১ ওভারে ২১৯। ৫৫ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ক্রেগ আরভিন দলকে জিতিয়ে নেন।
শ্রীলঙ্কার ৩৫.২ ওভারে ১ উইকেটে ২০৯, সেখান থেকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০০। হাতে ৯ উইকেট নিয়ে শেষ ১৫ ওভারে মাত্র ৯২ রান। শ্রীলঙ্কার ম্যাচ হেরে যাওয়ার এটাই একটা কারণ ।
(এম আর / ৯ জুলাই, ২০১৭)



