বাংলাদেশ দলে এখন পর্যন্ত মাশরাফির বিকল্প তৈরি হয়নি: পাপন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন যে, মাশরাফি যত দিন ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন এবং বাংলাদেশ দলে এখন পর্যন্ত মাশরাফির বিকল্প তৈরি হয়নি।

সভাপতি আরও বলেন, ‘মাশরাফিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই।

বিসিবি সভাপতি পরিস্কারভাবে বলেছেন, ‘মাশরাফি যেভাবে ওয়ানডে দলের অধিনায়কত্ব করে যাচ্ছে, তাতে বাংলাদেশে এই মুহূর্ত তার বিকল্প খুঁজে পাওয়া সত্যিই অসম্ভব।’

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়েও মাশরাফি এগিয়ে আছেন বলে অভিমত নাজমুলের, ‘পেস বোলার হিসেবেও তার পারফরম্যান্স অনেক ভালো।’
সিনিয়রদের বিকল্প নিয়ে ভাবনা মানেই কোনো খেলোয়াড়ের বাদ পড়া—তিনি বলেন এমনটা যাতে না ভাবা হয় ।

তিনি আবার বলেন, ‘আমাদের মাথায় কিন্ত সব সময়ই থাকে সাকিব চলে গেলে কী হবে, মুশফিক চলে গেলে কী হবে, এমন ভাবনা তো থাকবেই। কিন্ত এমন একটা ভাবা হচ্ছে মাশরাফিকে যেন আজই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা তা নয়। এমন কিছু ভেবে নেওয়া আমাদের জন্যও অস্বস্তির এবং মাশরাফির জন্যও অস্বস্তির। যতদিন সে খেলতে পারবে, তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।’

মাশরাফি এর আগে বলেছিলেন, আমি তো বিসিবির কাছ থেকে অধিনায়কত্ব চেয়ে নিইনি, বিসিবিই আমাকে দায়িত্ব দিয়েছে। এখন বিসিবি যদি মনে করে দায়িত্বটা অন্য কাউকে দেবে তো দিতেই পারে। আমি অধিনায়কত্বের জন্য খেলি না। আমি খেলোয়াড়, সে জন্যই খেলি।’

 

(এম আর / ১১ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)