মারে ও ফেদেরার কোয়ার্টার ফাইনালে
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : উইম্বলডনের শেষ আট নিশ্চিত করে ফেলেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। ফেদেরার সোমবার বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিপক্ষে ফেদেরার জয় পেয়েছেন ৬-৪, ৬-২, ৬-৪-এ। গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ফ্রান্সের বেনোয় পেয়ারের বিপক্ষে জিতেছেন ৭-৬ (১), ৬-৪, ৬-৪-এ।
কালকের ম্যাচটি জিতে উইম্বলডনের ১৫তম কোয়ার্টার ফাইনাল এ এলো। ফেদেরার অবশ্য ভাবতে পারেননি ম্যাচটা এত সহজ হবে তাঁর জন্য, ‘আমার মনে হয় দিমিত্রভ আমাকে প্রচুর সুযোগ করে দিয়েছে। ম্যাচটা ভালো হবে ভেবেছিলাম, কিন্ত এতটা সহজ হবে, সেটা ভাবিনি।’নিজের পারফরম্যান্সে খুশি ফেদেরার, ‘এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমার খেলা। আমি পরিপূর্ণ মনোযোগের সঙ্গে ম্যাচটা খেলেছি।’
কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জটা ভালোভাবেই নিচ্ছেন ফেদেরার। হাঁটুর চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন খেলেননি, তবে উইম্বলডনের মেজাজ আলাদা বলেই মানেন তিনি, ‘উইম্বলডন জেতাটা সব সময়ই কঠিন। এখানে বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। স্বস্তির ব্যাপার হচ্ছে, এবার হাঁটুর কোনো চোট আমার নেই। সেটি নিয়ে সংগ্রামও করতে হচ্ছে না।’
কাল জিতে নিজের দশম কোয়ার্টার ফাইনালটি নিশ্চিত করলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।ফিটনেস ফিরে পেয়ে নিজের খেলাটা খেলতে পারায় দারুণ খুশি মারে, ‘দুই সপ্তাহ আগেও সময়টা আমার জন্য ছিল হতাশার। পিঠের ব্যথার জন্য বিশ্রাম নিতে হচ্ছিল। কিছুটা চিন্তায় ছিলাম। যখন কোনো বড় টুর্নামেন্টের আগে এ ধরনের চোট আপনার হাত-পা বেঁধে ফেলতে চাইবে, সেটি কিন্ত খুবই হতাশাজনক। তবে ভালো লাগছে, সে সময়টা আমি পেছনে ফেলে এসেছি। আশা করি, এভাবেই উইম্বলডনে এগিয়ে যেতে থাকব।’
(এম আর / ১১ জুলাই, ২০১৭)



