কোনও হামলাই হয়নি: তামিম ইকবাল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৮টি ম্যাচ খেলার কথা থাকলেও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে মাত্র এক ম্যাচ খেলেই এসেক্সকে বিদায় জানিয়ে দেশে ফিরে আসছেন তামিম ইকবাল। এসেক্স নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ব্যক্তিগত জরুরি কারণে তামিম ক্লাব ছেড়ে দিয়েছেন। তার ব্যক্তিগত বিষয়কে সবারই সম্মান জানানো উচিৎ।
বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল ইংল্যান্ডে এসেক্সের হয়ে একটি কাউন্টি ম্যাচ খেলেই দেশে ফিরেছেন।গতকাল এমন সংবাদ পেয়েই বিষয়টি নিয়ে প্রশ্নের উদ্ভব হয়। প্রশ্ন ওঠে হঠাৎ কেন তিনি বা লন্ডন থেকে দেশে ফিরছেন ?
খবর নিয়ে জানা গেছে, ছোট চাচা আকবর খান গুরুতর অসুস্থ হওয়ায় তামিম ইকবাল দ্রুত দেশে ফিরে আসছেন।বয়সের পার্থক্য হলেও ছোট চাচার সঙ্গে তামিমের একধরনের বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক রয়েছে। তাই চাচার অসুস্থতার সংবাদ শুনে তিনি আর লন্ডন থাকতে পারেননি। চলে এসেছেন দেশে।
কয়েকটি মিডিয়া তামিমের দেশে ফেরার কারণ হিসেবে বর্ণনা করেছে অন্য কিছু। বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে তারা প্রকাশ করেছে, ‘তামিম এবং তার পরিবারকে নাকি ধাওয়া দেয়া হয়েছে। তাদের ওপর এসিড নিক্ষেপের চেষ্টা করা হয়েছে এবং তারা এ কারণে দৌড়ে কোনোরকম নিজেদের রক্ষা করেছেন। নিরাপত্তার এমন শঙ্কার কারণেই নাকি তামিম দ্রুত দেশে ফিরে এসেছেন।’
কিন্ত এ বিষয়টা সম্পূর্ণ ভুয়া এবং মনগড়া সংবাদ তা নিশ্চিত হওয়া গেছে তামিম নিজে মুখ খোলার কারণে। নিজের ভ্যারিফায়েড ফেজবুক পেজে তামিম এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
তিনি ফেজবুক পেজে লিখেছেন, ‘আমি আমার সকল ভক্ত-সমর্থককে একটা বিষয় নিশ্চিত করে জানাতে চাই যে, লন্ডনে এসেক্সের হয়ে আমার সফরটা শর্টকাট করে দ্রুত দেশে ফেরার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত। অথচ কয়েকটি মিডিয়া সংবাদ প্রকাশ করেছে যে, আমার ওপর নাকি লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এ তথ্য কোনভাবেই সত্য নয়।
ইংল্যান্ড আমার প্রিয় স্থানগুলোর মধ্যে একটি। এসেক্সের হয়ে ক্রিকেট খেলতে যাওয়াটাও আমার জন্য অনেক আনন্দের। তবুও আমি দ্রুত ক্লাব ছেড়ে চলে এসেছি। আমার প্রতিটি ভক্ত এবং সমর্থককে এ নিয়ে চিন্তিত হয়ে ওঠা এবং মেসেজ দিয়ে শুভ কামনা জানানোর জন্য ধন্যবাদ জানাই। আশা করি আবারও ইংল্যান্ডে গিয়ে নিশ্চিন্তে আমি ক্রিকেট খেলতে পারবো।’
(এম আর / ১২ জুলাই, ২০১৭)



