সিপিএলে খেলবেন মিরাজ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন তিনি।মিরাজের একদিন পর সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন সাকিব আল হাসান।

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে সাকিব ও মিরাজ দু’জনই অনুমতি পেয়েছেন।

মিরাজ জানিয়েছেন, সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন। এ হিসেবে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি। আগামী দুই-একদিনের মধ্যে বিসিবি’র কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে যাবে মিরাজ।

আগামী ৪ আগস্ট মিরাজের দল এবারের সিপিএলে প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট।

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো। দলটিতে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনের মতো বিশ্বখ্যাত তারকাদের।

(এমআইআর/ ১৮ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)