তিন মাসের জন্য বাংলাদেশের স্পিন কোচ স্টুয়ার্ট ম্যাকগিল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল রোববার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ডের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাজমুল হাসান পাপন জানান, তাদের হাতে অনেক বিকল্প ছিল। তারা স্পিন কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাকগিলকে প্রথম পছন্দ করেছেন। তবে তিন মাসের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি জানান, আমরা আসলে ম্যাকগিলের কাজ দেখে নিতে চাচ্ছি। তাছাড়া তারও আমাদের দেখে নেয়ার আছে। তবে এখনো কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি।
এসময় বিসিবি সভাপতি আরো জানান, ব্যাটিং কোচ মার্ক ও’নিলকে একমাসের জন্য নিয়ে আসা হয়েছে। তিনি বিশেষ করে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন।
একমাসে তিনি কতটা সফল হন, তার কাজে আমরা কতটা সন্তুষ্ট হই কিংবা তিনি কতটা সন্তুষ্ট- এসবের ওপরই নির্ভর করবে এরপর তার সঙ্গে চুক্তি বর্ধিত করবো কী করবো না বলেও উল্লেখ করেন পাপন।
৪৬ বছর বয়সী ম্যাকগিল দেশের হয়ে ৪৪টি টেস্ট খেলেন। উইকেট পেয়েছেন ২০৮টি। গড় ২৯.০২ করে। ৫ উইকেট পেয়েছেন ১২ বার এবং এক ম্যাচে ১০ উইকেট কিংবা তার বেশি নিয়েছেন ২ বার। ওয়ানডে খেলেছেন খুব কম। মাত্র ৩টি। উইকেট নিয়েছেন ৬টি।
(এমআইআর/ ৩১ জুলাই ২০১৭)



