বিসিবি প্রধানের পদ থেকে সরে দাড়াতে চান পাপন

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন থাকলেও এবারই প্রথম তিনি এ বিষয়ে কথা বলেছেন। তিনি নিজেই জানালেন আর বিসিবির সভাপতি পদে দায়িত্ব পালন করতে চান না তিনি।

আগেও বার কয়েক বলেছেন, এক সঙ্গে কয়েকটি গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যা হচ্ছে। একটি বড় পদ ছেড়ে দিতে পারি। এক সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে না থেকে একটি পদ থেকে সরে দাঁড়াতে পারি।

আজ সকালে তিনি নিজ মুখে বিসিবি প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

আজ তার মাতা সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের স্মরণ সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কথার এক পর্যায়ে বিসিবি সভাপতি না থাকার কথা জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাইনা।

পাপন বলেন, আসলে এক সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই পুরোপুরি ও শতভাগ দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণেই আগামীতে বিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে চাই।

তাৎক্ষণিকভাবে বোর্ড পরিচালকদের কেউ এ নিয়ে কোন মন্তব্য না করলেও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বোর্ডের নির্ভরযোগ্য এক সূত্র আভাস দিয়েছে, নাজমুল হাসান পাপন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছেন। সম্ভবত আ হ ম মোস্তফা কামালের মতো নাজমুল হাসান পাপনও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির শীর্ষ পদে আগ্রহী।

নিয়ম ও রীতি অনুযায়ী আইসিসির সভাপতি হবার আগে দুই বছর সহ-সভাপতি পদে থাকতে হয়। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নাজমুল হাসান পাপন আইসিসির পরবর্তী সহ-সভাপতি হতে চাচ্ছেন।

অাবার আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী সহ-সভাপতি বা সভাপতি হতে হলে কোন দেশের বোর্ডের শীর্ষ পদে থাকা যাবে না। অর্থাৎ বিসিবি সভাপতি পদে থেকে আইসিসির বড় পদ লাভের কোনই সুযোগ ও সম্ভাবনা নেই। তাই হয়তো আগে ভাগেই বিসিবি প্রধান পদ থেকে সড়ে দাঁড়ানোর চিন্তা ভাবনা পাপনের।

(এম আর / ৯ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)