বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ‘রকেট’

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব পেয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’।

এ উপলক্ষে আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় সিরিজের টাইটেল স্পন্সরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে টেস্ট সিরিজে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় বিসিবি। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ছাড়াও ছিলেন ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন এবং রকেট এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বক্তারা সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘যদিও দেশের এমন পরিস্থিতিতে খেলা হওয়াটা অস্বাভাবিক হলেও আগে থেকে ঠিক থাকায় আমাদের খেলা আয়োজন করতেই হচ্ছে।’

ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের সানাউল আরেফিন বৃষ্টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আবহাওয়ার যে অবস্থা তাতে সিরিজ কেমন হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আশা করছি শেষ পর্যন্ত এটি ভালোই হবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ডাচ বাংলা ব্যাংককে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রথম টেস্টেও তারা আমাদের সঙ্গে ছিল। আশা করি ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’

ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে সানাউল আরেফিন বলেছেন, ‘বৈরী আবহাওয়ার মাঝে সিরিজটি শুরু হবে। আশা করি এর মধ্যেই আমরা সফল একটি সিরিজ দেখতে পারব।’

সংবাদ সম্মেলন শেষে ‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ- ২০১৭’ এর লোগো উন্মোচন করা হয়।

(এম আর / ১৭ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)