অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলো টাইগাররা। ঢাকা টেস্টে তাদের জয় ২০ রানের। এতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলো মুশফিক বাহিনী।

এ জয়ে প্রথমবার টেস্টে অজি বধ করলো বাংলাদেশ। এতে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বল হাতে দুই ইনিংসে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ৮৯ রান করেছেন সাকিব। আর ব্যাট হাতে দুই ইনিংসে ১৪৯ রান করেছেন তামিম।

চতুর্থ দিনে ২ উইকেটে ১০৯ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে দেখেশুনে খেলার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। তারা দুর্দান্ত গতিতে ছুটে চলছিলেন। তবে তাতে বাধা হয়ে দাঁড়ান সাকিব।

দলীয় ১৫৮ রানে ওয়ার্নারকে ফিরিয়ে তাদের গতি রোধ করেন তিনি। ফেরার আগে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন অজি ওপেনার। শেষ পর্যন্ত ১৩৫ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১১২ রানের লড়াকু ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

সঙ্গী হারিয়ে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি স্মিথ। এবারো শিকারী সাকিব। তার বলে দলীয় ১৭১ রানে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন অস্ট্রেলিয়া অধিনায়ক (৩৭)।

এরপর ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন হ্যান্ডসকম্ব। তবে তাদের সেই চেষ্টা ভেস্তে দেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ১৮৭ রানে হ্যান্ডসকম্বকে (১৫) ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তিনি।

এর মিনিট পাঁচেক পর ম্যাথু ওয়েডকে (৪) সাকিব ফেরালে দুর্দান্তভাবে খেলায় ফেরে টাইগাররা। এতে ভীষণ চাপে পড়ে অস্ট্রেলিয়া। এ চাপের মধ্যে অ্যাস্টন অ্যাগারকে কট অ্যান্ড বোল্ড করে অজিদের টুঁটি চেপে ধরেন তাইজুল।

অ্যাগার ফিরে গেলে কামিন্সকে নিয়ে লড়ার চেষ্টা করেন ম্যাক্সওয়েল। তাকে সঙ্গ দিচ্ছিলেন কামিন্সও। ফের রুখে দাঁড়ান সাকিব। পথের বাধা হয়ে থাকা ম্যাক্সওয়েলকে (১৪) তিনি ফেরালে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের।

এতে এ টেস্টে ১০ উইকেট পেলেন সাকিব। প্রথম ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট। আর সবমিলিয়ে টেস্টে দ্বিতীয়বার ১০ উইকেট পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরপর নাথান লায়ন ও প্যাট কামিন্স ২৯ রানের জুটি বাঁধলেও মিরাজ ফিরিয়ে দেন লায়নকে। শেষ উইকেট জুটিতে কামিন্স বড় কয়েকটি শট মারলেও হ্যাজেলউডকে ফিরিয়ে টাইগারভক্তদের আনন্দে ভাসান তাইজুল ইসলাম। সাকিব আল হাসান নেন ৫ উইকেট। এ ছাড়া তাইজুল তিনটি ও মিরাজ নেন দুটি উইকেট।

(এমআইআর/ ৩০ আগস্ট ২০১৭)


Comment As:

Comment (0)