ঐতিহাসিক জয়ের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারো তার ব্যতিক্রম ঘটলো না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়েরও সাক্ষী হলেন তিনি।
বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান শেখা হাসিনা। ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি।
শেষ উইকেট হিসেবে হ্যাজেলউডকে শিকার করে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন তাইজুল ইসলাম। এতে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। শেখ হাসিনাও ছিলেন উচ্ছ্বসিত। টাইগাররা জয় পাওয়ার পর জাতীয় পতাকা নেড়ে উল্লাস জানান তিনি। ফোনে কারো সঙ্গে আনন্দও ভাগাভাগি করতে দেখা গেছে তাকে।
প্রধানমন্ত্রীর এ দৃশ্য টেলিভিশন স্ক্রিনে দেখা যায়। বিগ স্ক্রিনে তাকে এরকম করতে দেখার পর মাঠে দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
এ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এতে ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে টাইগাররা।
এ জয়ে প্রথমবার টেস্টে অজি বধ করলো বাংলাদেশ। এতে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বল হাতে দুই ইনিংসে ১০ উইকেট নেয়ার পাশাপাশি ৮৯ রান করেছেন সাকিব। আর ব্যাট হাতে দুই ইনিংসে ১৪৯ রান করেছেন তামিম।
ঢাকা টেস্টে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়ায় মুশফিকদের প্রাণঢালা অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর বন্দরনগরী চট্টগ্রামে।
(এমআইআর/ এসএএম/ ৩০ আগস্ট ২০১৭)



