র্যাংকিংয়ে সেরা অবস্থানে সাকিব-তামিম
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দুই ইনিংসে চমৎকার ব্যাটিং (৭১,৭৮) করে র্যাংকিংয়ে এগিয়ে এসেছেন তামিম ইকবাল। টেস্ট র্যাংকিংয়ে ২০তম অবস্থান থেকে ৬ ধাপ লাফ দিয়ে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে উঠে আসলেন বাংলাদেশের এই ড্যাশিং ব্যাটসম্যান।আর সাকিব আল হাসান রয়েছেন ব্যাটসম্যানদের তালিকায় ১৭তম স্থানে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই এ তথ্য জানিয়েছে আইসিসি।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানটি এখনও দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। রেটিং পয়েন্ট বেশি থাকায় তিনিই ১ নম্বর অবস্থানে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এগিয়েছেন ৫ ধাপ। ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুবাদে ওয়ার্নার এখন অবস্থান করছেন পাঁচ নম্বর স্থানে।
টেস্ট বোলারদের র্যাংকিংয়েও সাকিব ১৭তম স্থান থেকে ৩ ধাপ এগিয়ে তিনি এসেছেন ১৪তম স্থানে। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে এটাও সাকিবের সেরা র্যাংকিং। মিরপুর টেস্টের দুই ইনিংসে ১৫৩ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন সাকিব। তাতেই উঠে এলেন ব্যক্তিগত সেরা র্যাংকিংয়ে।
সাকিবের সঙ্গে র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মেহেদী হাসান মিরাজেরও। তিনি এখন রয়েছেন ৩০তম স্থানে। তাইজুল রয়েছেন ৩২তম স্থানে। বোলারদের র্যাংকিংয়ে ১ম স্থানটি ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার দখলে। ২য়স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন।
লরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব এমনিতেই ছিলেন শীর্ষে। তবে দ্বিতীয় স্থানে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে রেটিং পয়েন্ট বাড়িয়েছেন অনেক। দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে অবদান রাখা সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪৯৮। জাদেজার রেটিং ৪৩০।
(এম আর / ৩১ আগষ্ট, ২০১৭)



